কাজ বন্ধ রেখে পৌরসভার সামনে বিক্ষোভে অস্থায়ী কর্মীরা

কাজ বন্ধ রেখে পৌরসভার সামনে বিক্ষোভে অস্থায়ী কর্মীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর, ১লা অক্টোবর : পুজোর মুখে এবার কাজ বন্ধ রেখে পৌরসভায় বিক্ষোভ শুরু করল অস্থায়ী কর্মচারীরা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার খড়ার পৌরসভার। মঙ্গলবার সকাল থেকে পৌরসভার অস্থায়ী কর্মীরা কাজ বন্ধ রেখে একাধিক দাবি-দাওয়া নিয়ে পৌরসভার মূল গেটের সামনে বিক্ষোভ শুরু করল। বিক্ষোভের জেরে ব্যাহত পৌরসভার স্বাভাবিক কাজকর্ম। পৌরসভার মধ্যে প্রবেশ করতে পারছে না খড়ার পৌরসভার অন্যান্য কর্মচারীরাও। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে খড়ার পৌরসভা কর্তৃপক্ষকে পৌরসভার অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধি করতে হবে।

বিক্ষোভকারীদের অভিযোগ, সম্প্রতি পৌরসভায় কর্মী নিয়োগ সম্পন্ন হয়, আর এই কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি করেছে তৃণমূল পরিচালিত খড়ার পৌরবোর্ড। পৌরসভার চেয়ারম্যান উত্তম মুখার্জীর মর্জিমত পছন্দসইদের নিয়োগ করা হয়েছে, এমনটাই অভিযোগ বিক্ষোভকারীদের। খড়ার পৌরসভার চেয়ারম্যান উত্তম মুখার্জি বলেন, বিক্ষোভকারীদের আসতে বলেছি ওরা ওদের দাবী জানাক। আমার ক্ষমতার মধ্যে থাকলে নিশ্চয় তার সমাধান করব। অস্থায়ী কর্মীদের নুন্যতম কাজ দেওয়ার চেষ্টা করেছি, ওদের স্থায়ী পোস্ট দেওয়ার চেষ্টাও করেছি। সরকারের কাছে সে নিয়ে আবেদনও করা হয়েছে বলে জানান তিনি। তবে পৌরসভায় নতুন করে কর্মী নিয়োগের কথা অস্বীকার করেন পৌরসভার চেয়ারম্যান অরুন মুখার্জী। এদিন বিক্ষোভের জেরে বন্ধ হয়ে পড়ে পৌরসভার কাজ, পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে উপস্থিত হয় ঘাটাল থানার পুলিশ বাহিনী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top