
নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়া ,৫ই জুলাই : এই মুহূর্তে বহু চর্চিত শাসক দলের ‘কাটমানি’ বিতর্ক নতুন মাত্রা পেল বাঁকুড়ার পাত্রসায়র থানা এলাকার হাটকৃষ্ণনগরে। সাধারণ মানুষের চাপে স্থানীয় চার তৃণমূল কর্মী কেন্দ্রীয় প্রকল্পে বাড়ি পাওয়া উপভোক্তাদের কাছ থেকে ‘কাটমানি’ নেওয়ার অভিযোগ স্বীকার করেছেন।
স্থানীয় সূত্রে খবর, গতকাল পাত্রসায়রের হাটকৃষ্ণনগর গ্রামের বাবু বাউরী, ইন্দ্রজিৎ বাউরী, রঘুনাথ সাঁতরা ও বিপুল বাউরী নামে চার তৃণমূল কর্মীকে গ্রামবাসীরা ‘কাটমানি’ নেওয়ার অভিযোগে আটক করে। তাদের আটকে রেখে বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্থানীয় কাঁকরডাঙ্গা মোড়ে নিয়ে গিয়ে সবার উপস্থিতিতে ‘সালিশী সভা’ বসে। সেখানে চার অভিযুক্ত ‘কাটমানি’ নেওয়ার কথা স্বীকার করলেও দলের স্থানীয় নেতৃত্বের নির্দেশে তারা এই কাজ করেছে বলে দাবী করে। পরে ঐ চার অভিযুক্ত ‘আমরা চোর, তৃণমূল কংগ্রেস’ লেখা প্ল্যাকার্ড সহ মুচলেকা দিলে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
সরকারী প্রকল্পে বাড়ি পেয়েও ঐ চার অভিযুক্তকে পাঁচ থেকে দশ হাজার টাকা ‘কাটমানি’ দিতে হয়েছে। এই দাবী করে শেফালী বাউরী, নির্মলা বাউরীরা বলেন, ঐ টাকা আমরা ফেরৎ চাই। টাকা ফেরৎ না পাওয়া পর্যন্ত অভিযুক্তদের ছাড়া হবেনা বলেও তারা দাবী করেন। গ্রামবাসীদের একাংশের দাবী, গরীব উপভোক্তাদের ভয় দেখিয়ে এরা টাকা আদায় করেছে। কাটমানির টাকা ফেরতের দাবীতে তাদের আটকে রাখা হয়েছে।
অভিযুক্ত বাবু বাউরী, ইন্দ্রজিৎ বাউরীরা সংবাদমাধ্যমের ক্যামেরার সামনেও স্পষ্টতই স্বীকার করেন তারা সাধারণ গরীব উপভোক্তাদের কাছ থেকে কাটমানি নিয়েছেন। সেই টাকার পরিমান প্রায় সাত লক্ষ টাকা। তবে পুরো কাজটাই তৃণমূলের স্থানীয় নেতৃত্বের নির্দেশেই তারা করেছেন বলে দাবী করেন।


















