হুগলি – প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের একটি কামরা আচমকাই দাউদাউ করে জ্বলে উঠল। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রী ও রেলকর্মীদের মধ্যে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের Katwa railway station-এ।
রেল সূত্রে জানা গিয়েছে, ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল কাটোয়া-আজিমগঞ্জ লোকাল ট্রেন। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৬টা ৫ মিনিটে ট্রেনটি ছাড়ার কথা ছিল। কিন্তু ভোর সাড়ে চারটে নাগাদ ট্রেনের একটি কামরায় আগুন দেখতে পান স্টেশনে উপস্থিত যাত্রী ও কর্মীরা। অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং কামরাটি দাউদাউ করে জ্বলতে শুরু করে।
খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। বেশ কিছু সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে সংশ্লিষ্ট কামরাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। দমকলের তৎপরতায় আগুন অন্য কামরায় ছড়িয়ে পড়া থেকে রক্ষা পাওয়া যায়।
এই ঘটনায় স্টেশন চত্বরে হুড়োহুড়ি ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। যদিও এখন পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি বলে জানা গিয়েছে। আগুন লাগার কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। রেলের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে, দমকল বিভাগও বিষয়টি খতিয়ে দেখছে।
ব্যস্ত সময়ে এমন ঘটনা ঘটলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত—এই আশঙ্কাই এখন সাধারণ যাত্রীদের মধ্যে দুশ্চিন্তার কারণ। আগুন সম্পূর্ণ নেভানোর পর ট্রেনটিকে প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে রেল সূত্রে খবর।




















