প্রধানমন্ত্রী – কানাডার একটি স্কুলে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে টাম্বলার রিজ এলাকার একটি স্কুলে ক্লাস চলাকালীন এক বন্দুকধারী এলোপাথাড়ি গুলি চালায় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, “কানাডায় ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। গভীর শোকের এই মুহূর্তে ভারত কানাডার জনগণের পাশে আছে।”
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জবাবি অভিযানে এক সন্দেহভাজনের মৃত্যু হয়েছে। তবে হামলাকারী একাই ছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। দ্বিতীয় কোনও ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা তদন্তকারীদের। হামলার উদ্দেশ্য এখনও অজানা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কানাডার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এই ঘটনায় শোকস্তব্ধ স্থানীয় বাসিন্দারা। স্কুলে নিরাপত্তা ব্যবস্থা এবং বন্দুক নিয়ন্ত্রণ আইন নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।




















