নিজস্ব সংবাদদাতা ১০ জানুয়ারি ২০২১ উত্তর দিনাজপুর: সরকার নির্ধারিত মূল্যে কৃষকরা কিষান মান্ডিতে ধান বিক্রি করতে পারছেন না। একদল দালাল ও মাফিয়া তাদেরকে সেখানে ধান বিক্রি করতে বাধা দিচ্ছে।

দুয়ারে সরকারের কর্মসূচিতে এসে এমনই অভিযোগে সরব হলেন মাটিকুন্ডা এক গ্রাম পঞ্চায়েতের একাধিক কৃষক।এর জেরে লক্ষ লক্ষ টাকা ক্ষতির মুখে দাড়িয়ে ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা এক গ্রাম পঞ্চায়েতের কৃষকরা। শনিবার দুয়ারে সরকারের কর্মসূচিতে গিয়ে বিডিওর কাছে সংশ্লিষ্ট বিষয়ে সরাসরি অভিযোগ জানালেন ওই এলাকার একাধিক কৃষক। এলাকার কৃষক ঈশারুল হক ও প্রদীপ ভৌমিকরা জানান, কিষান মান্ডিতে গিয়ে তারা কোনোভাবেই ধান বিক্রি করতে পারছেন না। তাদেরকে ধান বিক্রি করার জন্য নাম্বারটিও দেওয়া হচ্ছেনা। মাফিয়ারা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন তাদেরকে। এমনকি সরকার আঠারোশো থেকে উনিশশো টাকা ধান বিক্রির জন্য নির্ধারণ করলেও তারা সেখানে তা বিক্রি করতে না পেরে বাজারে এসে বারোশো থেকে তেরোশো টাকা দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। অবিলম্বে কৃষকরা যাতে সরাসরি ধান বিক্রি করতে পারেন ন্যায্যমূল্যে তথা সরকার নির্ধারিত মূল্যে তার দাবি জানিয়ে সরব হয়েছেন কৃষকরাই। গ্রাম পঞ্চায়েত প্রধান মেহেবুব আলম এই সমস্যার কথা স্বীকার করে নিয়ে জানান, সংশ্লিষ্ট বিষয়ে খাদ্য ও সরবরাহ দপ্তরকে জানানো হলেও এ বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিষয়টি মহকুমা শাসক ও বিডিও কে জানানো হয়েছে।
আরও পড়ুন…বেআইনি পুকুর ভরাট রুখলো বারাসাত পৌরসভার মুখ্য প্রশাসক সুনীল মুখোপাধ্যায়



















