খেলা – একসময় ভারতীয় বোলিং আক্রমণের অন্যতম প্রধান ভরসা ছিলেন মহম্মদ শামি। বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারী পেসার হয়েও বর্তমানে জাতীয় দলের বাইরে তিনি। এবার সেই ধাক্কা আরও বড় হলো। ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকেও বাদ পড়লেন এই অভিজ্ঞ পেসার। স্বাভাবিকভাবেই জাতীয় দলে তাঁর ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
ভারতীয় ক্রিকেট বোর্ড অক্টোবর ২০২৫ থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত সময়ের জন্য নতুন বার্ষিক কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। মোট ৩০ জন ক্রিকেটার এই তালিকায় জায়গা পেয়েছেন। কিন্তু সেখানে নেই মহম্মদ শামির নাম। গত মরশুমে তিনি ‘বি’ ক্যাটাগরির চুক্তিতে ছিলেন, অথচ এবার সরাসরি চুক্তির তালিকার বাইরেই চলে গেলেন তিনি।
রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল দেখতে কল্যাণীতে উপস্থিত ছিলেন নির্বাচক আরপি সিং। ম্যাচের চতুর্থ দিনের শেষে শামির সঙ্গে তাঁর কথাও হয়। কিন্তু সেই দিনই রাতে বোর্ডের তরফে পাঠানো ই-মেলে স্পষ্ট হয়ে যায়, নতুন কেন্দ্রীয় চুক্তিতে শামির নাম রাখা হয়নি।
ভারতের হয়ে শামি শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন গত বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তার পর থেকে জাতীয় দলে আর সুযোগ পাননি তিনি। অথচ ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো পারফরম্যান্স করে চলেছেন এই পেসার। রঞ্জি ট্রফি হোক বা সৈয়দ মুস্তাক আলি ট্রফি—দু’টি প্রতিযোগিতাতেই বল ও ব্যাট হাতে দলের জন্য অবদান রেখে চলেছেন তিনি।
সোমবার রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচেই দ্রুত অর্ধশতরান করেন শামি। শুধু বোলিং নয়, ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ রান তুলে দলের প্রয়োজন মেটাচ্ছেন তিনি। তবুও তাঁর এই ধারাবাহিক পারফরম্যান্স নির্বাচকদের নজরে পড়ছে না বলেই মনে করছে ক্রিকেটমহলের একাংশ।
নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকায় বাংলার হয়ে জায়গা পেয়েছেন একমাত্র আকাশ দীপ। তাঁকে রাখা হয়েছে ‘সি’ গ্রুপে। অন্যদিকে, সম্পূর্ণ তালিকার বাইরে চলে যাওয়ায় মহম্মদ শামির জাতীয় দলে প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা আরও গভীর হলো।




















