
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা, ১৩ এপ্রিল, কোরোনা নিয়ে সচেতন করায় প্রতিবন্ধী ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল স্থানীয় যুবকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের কাশিপুর থানার গোয়ালবাড়ি এলাকায়। আহত ব্যক্তির নাম আব্দুল্লা মোল্লা। তার দাবি বাড়ির পাশে বাগানে প্রতিনিয়ত ৪০-৫০ জন করে ছেলে জমায়েত করে। তাদের কারো মুখে মাকস থাকেনা। সবাই পাশাপাশি বসে আড্ডা মারে। তাদেরকে কোরোনা নিয়ে সচেতন করেছিলেন তিনি। আর এতেই ঘটে বিপত্তি।
পাড়ার যুবক হাসিবুর রহমান আব্দুল্লাকে ফোন করে গোয়ালবাড়ি এলাকায় একটি টাওয়ার বসানোর নাম করে ডেকে নিয়ে যায়। সেখানে অজ্ঞাত পরিচয় ২ যুবককে নিয়ে হাজির হয় হাসিবুর। এরপর বেধড়ক মারধর করে প্রতিবন্ধী আব্দুল্লাকে। এই ঘটনায় কাশিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।



















