কলকাতা: ক্যামাক স্ট্রিট বিলবোর্ড মামলায় বুধবার শেক্সপিয়র থানায় হাজিরা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় পাঁচ ঘণ্টা পর থানা থেকে বেরিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিশানা করে তীব্র আক্রমণ শানান তিনি। একই সঙ্গে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে বিজেপিকেও কটাক্ষ করেন তৃণমূল সাংসদ।
হাজিরা প্রসঙ্গে অভিষেকের দাবি, প্রতিটি তদন্ত এবং বিভিন্ন মামলায় তিনি যথাসম্ভব সহযোগিতা করেছেন। কোনও দিন তদন্তকারীদের প্রশ্ন এড়িয়ে যাননি বলেও জানান তিনি। এই প্রসঙ্গেই নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে অভিষেক বলেন, “সারদা, নারদা চোরটা একবার সিবিআইয়ের নোটিস পেয়েই বিজেপিতে ছুটে পালিয়ে গেছে।” তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
এর পাশাপাশি রাজ্যের বর্তমান সরকারকে নিয়েও তীব্র আক্রমণ করেন অভিষেক। তাঁর অভিযোগ, রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে বাংলার ক্ষমতা দখল করা হয়েছে। সেই যুক্তিতে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভাকে অবৈধ বলে দাবি করেন তিনি। একইভাবে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারকেও অবৈধ বলে মন্তব্য করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড সংক্রান্ত মামলায় থানায় হাজিরা দেওয়ার পর অভিষেকের এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক সংঘাতকে আরও উসকে দিয়েছে। তাঁর বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া কী আসে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।




















