ক্ষমতা হারিয়েও অনড় মমতা, আদালতে লড়াইয়ের ইঙ্গিত তৃণমূল নেত্রীর

ক্ষমতা হারিয়েও অনড় মমতা, আদালতে লড়াইয়ের ইঙ্গিত তৃণমূল নেত্রীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি। ২০৭টি আসনে জয় পেয়ে সরকার গঠনের পথে বিজেপি এগিয়ে গেলেও ফলাফল মেনে নিতে নারাজ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কালীঘাটে দলের জয়ী প্রার্থীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনওভাবেই পদত্যাগ করবেন না। একই সঙ্গে আদালতে আইনি লড়াইয়ের ইঙ্গিতও দেন তিনি।
বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি গিয়ে পদত্যাগ করব না। রাষ্ট্রপতি শাসন হলে হোক, রেকর্ড থাকুক।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। পাশাপাশি নতুন সরকার শপথ নেওয়ার দিন তৃণমূল ভবনে রবীন্দ্রসঙ্গীত বাজানোর নির্দেশও দেন তিনি।
নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী এবারের নির্বাচনে বিজেপি ২০৭টি আসনে জয় পেয়েছে। তৃণমূল ক্ষমতা হারালেও ভোটের ফল নিয়ে আইনি পথে লড়াই চালিয়ে যেতে চাইছে দল। এদিন মমতা জানান, প্রয়োজন হলে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। তাঁর কথায়, “আদালতে আমি, চন্দ্রিমা আবার প্র্যাকটিস করব। নানা মামলা আমরা আইনজীবী হিসেবে দেখব।”
বৈঠকে উঠে আসে দলের অভ্যন্তরীণ পরিস্থিতির কথাও। ভোটে ভরাডুবির পিছনে অন্তর্ঘাতের অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যে বা যারা অন্তর্ঘাত করছে তাদের নাম দিন।” মঙ্গলবার সাংবাদিক বৈঠকেও তিনি দলে ভাঙনের আশঙ্কার কথা উল্লেখ করেছিলেন।
তবে কঠিন রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও দলীয় কর্মীদের ভেঙে না পড়ার বার্তা দেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, “আমিও একসময় একা ছিলাম। ঘুরে দাঁড়িয়েছি। দলও ঘুরে দাঁড়াবে।” তাঁর এই বক্তব্যকে আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতি হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।
এদিকে ভোটের ফল ঘোষণার পর থেকেই কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। পরিস্থিতি খতিয়ে দেখতে আগামী সপ্তাহে বিভিন্ন এলাকায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
এই প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, ভোট পরবর্তী হিংসার অভিযোগ পুলিশ গ্রহণ না করলে অনলাইনে অভিযোগ জানানোর ব্যবস্থা করা হবে। পাশাপাশি আদালতের দ্বারস্থ হওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি। অভিষেক আরও স্পষ্ট করে দেন, আগামী দিনেও দলের নেতৃত্বে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি তাঁর পাশেই থেকে সাংগঠনিক দায়িত্ব সামলাবেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top