দেশ – দীর্ঘ রোগভোগের পর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মঙ্গলবার সকালে ঢাকার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পড়শি দেশের এই প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
খালেদা জিয়ার মৃত্যুসংবাদ পাওয়ার পরই সোশাল মিডিয়ায় শোকবার্তা পোস্ট করেন প্রধানমন্ত্রী মোদি। তিনি লেখেন, “বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ঢাকায় প্রয়াত হয়েছেন। এই খবরে আমি অত্যন্ত শোকাহত। তাঁর পরিবার এবং বাংলাদেশের সকলের প্রতি আমার গভীর সমবেদনা। সর্বশক্তিমান যেন তাঁর পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সামলানোর শক্তি দেন।”
২০১৫ সালে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে নিজের সাক্ষাতের একটি ছবি পোস্ট করে সেই অভিজ্ঞতার কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়নে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পাশাপাশি ভারত-বাংলাদেশ সম্পর্কেও তাঁর অবদান চিরস্মরণীয় বলে মন্তব্য করেন মোদি।
প্রধানমন্ত্রীর বার্তায় আরও বলা হয়, “আমি আশা করি, খালেদা জিয়ার ঐতিহ্য ও দৃষ্টিভঙ্গিকে সামনে রেখেই ভবিষ্যতে আরও এগিয়ে যাবে ভারত-বাংলাদেশ সম্পর্ক। তাঁর আত্মা শান্তিতে বিশ্রাম নিক।”
বাংলাদেশের রাজনীতিতে এক দীর্ঘ অধ্যায়ের অবসান ঘটিয়ে প্রয়াত হলেন খালেদা জিয়া। দুই দফায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এই নেত্রী ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, যিনি দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন।




















