রাজ্য – তাপমাত্রা বাড়তে না বাড়তেই রাজ্যে ফের আবহাওয়ার বড়সড় পরিবর্তনের পূর্বাভাস মিলল। আবহাওয়া দপ্তরের মতে, শুক্রবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর দাপট দেখা যেতে পারে। ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনায় নতুন করে সতর্কতা জারি হয়েছে।
তবে তার আগে বৃহস্পতিবারের আবহাওয়া মোটের উপর স্বাভাবিকই থাকবে। Kolkata-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। উত্তরবঙ্গেও আপাতত আবহাওয়া শুষ্ক থাকবে। রোদ ঝলমলে আকাশের মধ্যেই কাটবে দিন, যদিও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত পরিস্থিতির বদল ঘটবে। মেঘলা আকাশের সঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। কলকাতাতেও কালবৈশাখীর প্রভাব পড়তে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এই দুর্যোগের আশঙ্কা রয়েছে, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির সম্ভাবনা বেশি। কোথাও কোথাও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া—সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে পূর্বাভাস।
অন্যদিকে উত্তরবঙ্গেও শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কোচবিহার-সহ সমতলের জেলাগুলিতেও বৃষ্টির দেখা মিলতে পারে। অর্থাৎ চলতি সপ্তাহের শেষে দুই বঙ্গেই কালবৈশাখী-সহ দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি তৈরি হতে চলেছে।




















