কলকাতা – কলকাতার দক্ষিণ ও পশ্চিমের বিস্তীর্ণ অংশে শনিবার সারাদিন পানীয় জল সরবরাহ ব্যাহত হতে চলেছে। গার্ডেনরিচ জলপ্রকল্পে জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার সকাল সাড়ে ৯টা থেকে জল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। পুরসভার বিজ্ঞপ্তি অনুযায়ী, কাজ শেষ হলে রবিবার থেকে ধীরে ধীরে স্বাভাবিক হবে জল পরিষেবা।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, গার্ডেনরিচ জলপ্রকল্পে ভালভ বসানো, পাইপলাইন সংস্কার এবং অন্যান্য প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। সেই কারণেই সাময়িকভাবে বিশুদ্ধ জল সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। এর জেরে কালীঘাট, রানিকুঠি, গড়ফা, চেতলা, গল্ফগ্রিন, লালকা, বেহালা, সিরিটি, দাসপাড়া, বাঁশদ্রোণি, গান্ধী ময়দান, সেনপল্লি, প্রফুল্ল পার্ক, পর্ণশ্রী, মেটিয়াবুরুজ এবং শকুন্তলা পার্ক-সহ একাধিক পাম্পিং স্টেশনে জল পৌঁছবে না।
এর সরাসরি প্রভাব পড়বে গার্ডেনরিচ, যাদবপুর, টালিগঞ্জ, বেহালা, জোকা, কসবা, মহেশতলা এবং বজবজ এলাকার বাসিন্দাদের উপর। শনিবার সারাদিন জল সংকটে পড়তে হতে পারে এই সমস্ত এলাকার মানুষকে। পুরসভা জানিয়েছে, রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলেই রবিবার থেকে ধাপে ধাপে স্বাভাবিক হবে জল সরবরাহ ব্যবস্থা।
এদিকে, বৃহস্পতিবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে পানীয় জল নিয়ে গুরুত্বপূর্ণ আশ্বাস দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি দাবি করেন, আগামী ২৫ বছর কলকাতায় পানীয় জলের কোনও সঙ্কট হবে না। গার্ডেনরিচ এলাকার ময়লা ডিপোতে একটি নতুন জলপ্রকল্প গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান মেয়র।
মেয়রের দাবি অনুযায়ী, প্রস্তাবিত নতুন জলপ্রকল্প থেকে প্রতিদিন প্রায় ৪০ মিলিয়ন গ্যালন পানীয় জল উৎপাদন করা সম্ভব হবে। কলকাতায় গগনচুম্বী আবাসনের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পানীয় জলের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতের এই বাড়তি চাহিদা মেটাতেই নতুন জলপ্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে দাবি পুর প্রশাসনের।




















