গেরুয়া আলোয় সেজে উঠল নবান্ন, প্রশাসনিক বদলের বার্তা ঘিরে জোর চর্চা

গেরুয়া আলোয় সেজে উঠল নবান্ন, প্রশাসনিক বদলের বার্তা ঘিরে জোর চর্চা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – এতদিন রাজ্য সচিবালয় নবান্নকে সাদা-নীল আলোর সাজেই দেখতে অভ্যস্ত ছিল রাজ্যবাসী। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই বদলে গেল নবান্নের চেনা ছবি। রবিবার সন্ধ্যায় হাওড়ার গঙ্গার ধারে অবস্থিত রাজ্য সচিবালয় ভবন গেরুয়া আলোর সাজে আলোকিত হয়ে ওঠে। দূর থেকেও সেই আলোকসজ্জা স্পষ্টভাবে নজরে আসে সাধারণ মানুষের।
সন্ধ্যা নামতেই পুরো নবান্ন চত্বর গেরুয়া আলোয় ঝলমল করতে শুরু করে। বিদ্যাসাগর সেতু ও আশপাশের এলাকা থেকে বহু মানুষ সেই নতুন রূপ প্রত্যক্ষ করেন। পথচলতি মানুষ থেকে শুরু করে সাধারণ নাগরিকদের অনেকেই মোবাইল ফোনে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। কেউ কেউ আবার সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচারও করেন।
রাজনৈতিক মহলের একাংশের মতে, বিজেপি সরকার গঠনের পর প্রশাসনিক ও রাজনৈতিক পরিবেশের পরিবর্তনের প্রতীক হিসেবেই এই নতুন আলোকসজ্জাকে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে নীল-সাদা রঙের পরিচয়ে পরিচিত নবান্ন এবার নতুন রঙে সেজে ওঠায় তা ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক আলোচনা।
এদিকে সোমবার নবান্নে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকের সূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সকাল সাড়ে ৯টায় মুখ্যমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়ার জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরপর দুপুর সাড়ে ১২টায় সচিবদের সঙ্গে বৈঠক করবেন তিনি। দুপুর দেড়টায় বিধায়কদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।
শুধু তাই নয়, সোমবার বিকেল ৪টের সময় জেলাশাসকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। এরপর বিকেল ৫টায় রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।
ম্যারাথন বৈঠকের আগে রবিবার নবান্নে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, সোমবার মুখ্যমন্ত্রীর একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক থাকায় নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতেই তিনি নবান্নে এসেছিলেন। পাশাপাশি পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকের বিষয়েও তিনি নিশ্চিত করেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top