গ্যাস বুকিংয়ে নতুন নিয়ম, বাড়ল অপেক্ষার সময়—চাপে গ্রাহকরা

গ্যাস বুকিংয়ে নতুন নিয়ম, বাড়ল অপেক্ষার সময়—চাপে গ্রাহকরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দেশ – মধ্যপ্রাচ্যের অশান্তির জেরে জ্বালানি পরিস্থিতিতে চাপ বাড়ছে, আর তার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপর। বহু জায়গায় বুকিং করেও রান্নার গ্যাসের সিলিন্ডার পাচ্ছেন না গ্রাহকরা। দীর্ঘ অপেক্ষার মধ্যেই এবার নতুন করে ধাক্কা দিল ইন্ডিয়ান অয়েল। রান্নার গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে ফের নিয়মে পরিবর্তন আনা হয়েছে, যার ফলে গ্রাহকদের অপেক্ষার সময় আরও বেড়ে গেল।
নতুন নিয়ম অনুযায়ী, যাঁদের ডাবল সিলিন্ডার রয়েছে, তাঁদের ক্ষেত্রে প্রথম সিলিন্ডার পাওয়ার পর দ্বিতীয়টি বুক করতে অন্তত ৩৫ দিন অপেক্ষা করতে হবে। আগে এই সময়সীমা কম ছিল। সিঙ্গল সিলিন্ডার ব্যবহারকারীদের ক্ষেত্রেও সময়সীমা বাড়িয়ে করা হয়েছে ২৫ দিন। অর্থাৎ একটি সিলিন্ডার বুক করার পর পরবর্তী বুকিংয়ের জন্য নির্দিষ্ট সময় পার হওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা-র গ্রাহকরা। এই প্রকল্পের আওতায় থাকা পরিবারগুলিকে এখন একটি সিলিন্ডার বুক করার পর পরবর্তী বুকিংয়ের জন্য ৪৫ দিন অপেক্ষা করতে হবে, যেখানে আগে এই সময়সীমা ছিল ২৫ দিন। তবে ৫ কেজির সিলিন্ডারের ক্ষেত্রে এই নিয়মে কোনও পরিবর্তন হয়নি, সেখানে ১৬ দিন পরই পরবর্তী বুকিং করা যাবে।
উত্তরপ্রদেশের গ্যাস ডিলারদের সংগঠন ইউপি এলপিজি অ্যাসোসিয়েশন ও গাজিয়াবাদ এলপিজি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই নিয়ম ইতিমধ্যেই কার্যকর হয়েছে। ফলে গ্রাহকদের পরিকল্পনা করে গ্যাস ব্যবহার করতে হবে, না হলে সমস্যায় পড়তে হতে পারে।
উল্লেখ্য, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র-এর মধ্যে উত্তেজনার জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। যদিও পেট্রোল-ডিজেলের সরবরাহে এখনও বড় সমস্যা দেখা যায়নি, তবে রান্নার গ্যাসের ক্ষেত্রে টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠছে। এর জেরেই সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top