
নিজস্ব সংবাদদাতা,মালদা, ২৩ শে জুন :গত এক মাসে গ্রামের ৫ জনের মৃত্যু হয়েছে। মাহান জানিয়েছে, গ্রামে বসবাস করলে আরও মৃত্যু হবে। প্রাণভয়ে তাই গ্রাম ছেড়ে পালাচ্ছে গ্রামবাসীরা। গ্রামে নাকি ভূত ভর করেছে। একবিংশ শতকেও ভূতের ভয়ে আচ্ছন্ন পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের বাসুদেবপুর গ্রাম। খবর পেয়ে আজ ওই গ্রাম পরিদর্শনে যান ব্লক প্রশাসনের আধিকারিকরা সহ মালদা সি এম ও এইচ ২ অমিতাভ নন্দী, ব্লক স্বাস্থ্য আধিকারিক সৌভিক দাস, পুরাতন মালদা ব্লক এর যুগ্ম বিডিও বাপ্পাদিত্য বিশ্বাস সহ ভাবুক অঞ্চলের প্রধান লক্ষ্মী হাঁসদা ও আশা কর্মীর স্বাস্থ্যকর্মীরা গিয়ে গ্রামবাসীদের সাথে কথা বলেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করেন।

এই পরিস্থিতির সূচনা গত এক মাস থেকে। গ্রামবাসীরা জানাচ্ছেন, গত এক মাসে এই গ্রামে প্রাণ হারিয়েছেন ৫ জন। তাঁদের প্রত্যেকেই পেটের রোগে মারা যান। পেট ব্যথা, ফুলে যাওয়া এবং শেষে মৃত্যু। একই রোগে মারা গেছেন মুন্নি সোরেনের স্বামীও। তিনি জানান, অসুস্থ স্বামীকে চিকিৎসকের কাছে নিয়ে যান। ওষুধপত্রও চলছিল। কিন্তু স্বামীর পেট ফুলে যাচ্ছিল। শেষ পর্যন্ত তিনি স্বামীকে মাহানের কাছে নিয়ে যান। মাহান জানায়, আরও অনেকে এই গ্রামে মারা যাবে। গ্রামে ভূত ভর করেছে। শেষ পর্যন্ত তাঁর স্বামী মারা যায়। একইভাবে গ্রামের আরও ৪ জন মারা গেছে। মাহানের কথা শুনে ভয় পেয়ে যায় গ্রামবাসীরা। তারা গ্রাম ছেড়ে পালাতে শুরু করে। তিনি নিজেও গ্রাম ছেড়ে পালয়েছিলেন। আজই ফিরে এসেছেন।
এই মুহূর্তে গ্রামের ১২টি পরিবার প্রাণভয়ে বাড়িতে তালা দিয়ে গ্রাম ছেড়ে পালিয়েছে। খবর পেয়ে আজ ওই গ্রামে যান ব্লক প্রশাসনের আধিকারিকরা। যায় মালদা থানার পুলিশও। প্রশাসনিক কর্তারা গ্রামবাসীদের ভূতের ভয় থেকে বের করে আনার চেষ্টা করেন।



















