দেশ – জাঁকিয়ে পড়া ঠাণ্ডার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঘন কুয়াশার দাপট। দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাওয়াতেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ঘন কুয়াশার কারণে চাঁদপুরে মেঘনা নদীতে দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্তত চারজনের। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন যাত্রী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টা নাগাদ চাঁদপুর সদর এলাকার হরিনা অঞ্চলে মেঘনা নদীতে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষে জড়িয়ে পড়ে ‘জাকির সম্রাট-৩’ এবং ‘অ্যাডভেঞ্চার-৯’ নামের দুটি লঞ্চ। দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন সদরঘাট নৌ-পুলিশের ডিউটি অফিসার আব্দুল্লাহ আল মামুন। তাঁর কথায়, এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর মিলেছে এবং আহতের সংখ্যা ৫ থেকে ৭ জনের মধ্যে।
চাঁদপুর বিআইডব্লিউটিএ-র সাব-ইন্সপেক্টর (ট্রাফিক) বাবু লাল বৈদ্য জানান, ঘন কুয়াশার কারণে ওই রাতে নৌপথে চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি ভোলার ঘোষেরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল। অন্যদিকে এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। নদীর বুকে ঘন কুয়াশার কারণে একে অপরকে দেখতে না পেয়ে মুখোমুখি সংঘর্ষ হয় দুই লঞ্চের।
দুর্ঘটনার পর যাত্রীদের উদ্ধার করে অন্য একটি যাত্রীবাহী লঞ্চ এমভি কর্ণফুলী-৯-এর মাধ্যমে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়। তবে এই আকস্মিক সংঘর্ষে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।




















