
নিজস্ব সংবাদদাতা,বীরভূম,৩০ শে আগস্ট : স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ করল স্বয়ং স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। নানান অছিলায় স্কুলের ছাত্রীদের গায়ে হাত দেওয়ার মতো অভিযোগ অভিযুক্ত ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বর থানার অন্তর্গত মহুরাপুর প্রাথমিক বিদ্যালয়। অভিযুক্ত প্রধান শিক্ষক হলেন অপরেশ মণ্ডল। ঘটনার কথা গ্রামের বাসিন্দারা জানতে পারলে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেন। কিন্তু গ্রামবাসীদের সিদ্ধান্তের কথা কোন কারনে পৌঁছে যায় ওই প্রধান শিক্ষকের কানে। তারপর থেকেই ওই প্রধান শিক্ষক স্কুল আসা বন্ধ করে দেন। যদিও বৃহস্পতিবার স্কুলে আসার কথা ছিল ওই প্রধান শিক্ষকের, কিন্তু তিনি আসেন নি।
এদিকে ঘটনার জেরে স্কুলে অরাজকতার সৃষ্টি হয়, পঠন-পাঠন একপ্রকার শিকেয় উঠে যায়। ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার স্কুলে পৌঁছান জেলার দুই স্কুল পরিদর্শক। গ্রামের বাসিন্দারা তাদের কাছে পেয়ে ঘিরে ধরেন এবং ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। গ্রামবাসীরা এও জানান সাত দিনের মধ্যে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না হলে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে যাবেন তারা।
গ্রামবাসীদের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে স্কুল পরিদর্শকদের তরফ থেকে জানানো হয়, ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনেকগুলি গুরুতর অভিযোগ রয়েছে, যেগুলি একজন শিক্ষকের বিরুদ্ধে হওয়া কাম্য নয়। বিষয়টি অত্যন্ত গুরুতর এবং বেদনাদায়ক। এ নিয়ে আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাচ্ছি। আশা করি খুব শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে।


















