কলকাতা – পুত্রবধূর চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার নাম করে এক ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে আট লাখ টাকা হাতানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় এক মহিলা-সহ দু’জনের বিরুদ্ধে মধ্য কলকাতার পোস্তা থানায় অভিযোগ দায়ের হয়েছে। পোস্তার কালীকৃষ্ণ টেগোর স্ট্রিটের ওই ব্যবসায়ী আদালতের দ্বারস্থ হন। আদালতের নির্দেশের ভিত্তিতেই পুলিশ মামলা রুজু করেছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মহিলা এক চিকিৎসকের অধীনে কাজ করেন। ব্যবসায়ীর পুত্রবধূ দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। সেই চিকিৎসার সূত্রেই অভিযুক্ত মহিলার সঙ্গে তাঁর পরিচয় হয়। অভিযোগ, ওই মহিলা ও তাঁর সঙ্গী পুত্রবধূর চিকিৎসার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন। ২০২৩ সালে তাঁরা জানান যে চিকিৎসা শুরু হয়েছে। বিভিন্ন পরীক্ষার রিপোর্ট ও ওষুধের জাল নথিও ব্যবসায়ীকে দেখানো হয় বলে অভিযোগ।
ব্যবসায়ীর দাবি, জাল নথির ভিত্তিতে তিন বছরে তাঁর কাছ থেকে সাড়ে আট লাখ টাকা নেওয়া হয়েছে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুত্রবধূর শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। তখনই তাঁর সন্দেহ হয়। পরে তিনি নথি ও রিপোর্ট যাচাই করে জানতে পারেন সেগুলি জাল। তাঁর অভিযোগ, গত তিন বছরে তাঁর পুত্রবধূর কোনও প্রকৃত চিকিৎসাই হয়নি।
এর পর তিনি অভিযুক্ত যুগলের সঙ্গে যোগাযোগ করে টাকা ফেরত চান। কিন্তু তাঁরা টাকা ফেরত দিতে অস্বীকার করেন বলে অভিযোগ। তখনই ব্যবসায়ী আইনি পদক্ষেপ গ্রহণ করেন। আদালতের নির্দেশে পোস্তা থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।




















