ভাইরাল – গভীর রাত, চারপাশ নিস্তব্ধ। এমন সময় একটি বাড়ির খোলা দরজা ও সিঁড়ির নীচে রাখা মোটরবাইক দেখে সুযোগ লুফে নেয় তিন চোর। ধীরে ধীরে পা টিপে টিপে বাড়ির ভিতরে ঢুকছিল তারা। কিন্তু চুরি করার আগেই নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনল চোরেরা—একটি ছোট্ট ভুলেই ভেস্তে গেল পুরো পরিকল্পনা।
ঘটনাটি সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ‘ঘর কে কলেশ’ নামে একটি অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করা ভিডিয়োতে দেখা যায়, তিন জন চোর চুপিচুপি বাড়ির ভিতরে ঢুকছে। তাদের মধ্যে একজন সিঁড়িঘরের আলো জ্বালানোর জন্য দেওয়ালের সুইচে হাত দেয়। কিন্তু সেটি আলো নয়, ছিল কলিং বেলের সুইচ!
হঠাৎ করেই বেজে ওঠে কলিং বেল। অপ্রস্তুত হয়ে পড়ে চোরেরা। শব্দ শুনে ধরা পড়ে যাওয়ার ভয়ে মুহূর্তের মধ্যে দৌড়ে পালায় তারা। পুরো ঘটনাটি বাড়ির বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।
ভিডিয়োটি ভাইরাল হতেই নেটপাড়ায় হাসির রোল পড়ে যায়। অনেকেই মজার মন্তব্য করেছেন। এক নেটিজেন লিখেছেন, “ভিডিয়োটা সত্যিই দারুণ! ধরা পড়ে যাওয়ার ভয়ে যেভাবে দৌড় দিল, সেটা দেখার মতো!”
সব মিলিয়ে, চুরি করতে এসে নিজেরাই ফাঁসিয়ে ফেলল নিজেদের—এই মজার ঘটনাই এখন সোশ্যাল মিডিয়ার অন্যতম চর্চার বিষয়।




















