চূড়ান্ত ভোটার তালিকা আজ প্রকাশ, তিন ভাগে বিভক্ত নামের তালিকা

চূড়ান্ত ভোটার তালিকা আজ প্রকাশ, তিন ভাগে বিভক্ত নামের তালিকা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – সুপ্রিম কোর্ট-এর নির্দেশ অনুযায়ী আজ, শনিবার রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে ভারত নির্বাচন কমিশন। খসড়া তালিকায় থাকা ৭ কোটি ৮ লক্ষ ভোটারের নাম চূড়ান্ত তালিকায় থাকলেও লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে শুনানিতে ডাকা ৬০ লক্ষের বেশি নামের পাশে লেখা থাকবে ‘ডিলিটেড’, ‘অ্যাডজুডিকেটেড’ অথবা ‘অ্যাপ্রুভড’। যাঁদের নামের পাশে ‘অ্যাডজুডিকেটেড’ উল্লেখ থাকবে, তাঁদের নথি বিচারকের মাধ্যমে যাচাই প্রক্রিয়ায় রয়েছে। নিষ্পত্তি হলে তাঁদের নাম নিয়ে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে।
অনলাইনের পাশাপাশি অফলাইনেও ভোটাররা নিজেদের নাম যাচাই করতে পারবেন। নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট eci.gov.in, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in এবং ইসি নেট অ্যাপে চূড়ান্ত তালিকা পাওয়া যাবে। সেখানে নাম বা ভোটার পরিচয়পত্রের নম্বর (EPIC) লিখে সহজেই জানা যাবে তালিকায় নাম রয়েছে কি না এবং কোনও সংশোধন হয়েছে কি না। জেলার ভিত্তিতেও আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি জেলার জেলা নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে একইভাবে তথ্য খোঁজা যাবে।
তবে এখনই বুথে তালিকা টাঙানো হচ্ছে না। জেলাশাসক, মহকুমা শাসক ও বিডিও দপ্তরে গিয়ে তালিকা দেখা যাবে। কলকাতা-র ক্ষেত্রে দুই ডিইও দপ্তরে তালিকা মিলবে। কমিশনের নথিভুক্ত আটটি রাজনৈতিক দলকে পেন ড্রাইভে সফট কপি দেওয়া হবে বলে জানানো হয়েছে। রাজ্যের প্রতিটি বুথ স্তরের আধিকারিকের (বিএলও) হাতে হার্ড কপি পৌঁছে দেওয়া হলেও মুদ্রণের কাজ সম্পূর্ণ না হওয়ায় আপাতত বুথে তা টাঙানো হচ্ছে না। তালিকা ছাপার কাজ শেষ হলে বুথে টাঙানোর ব্যবস্থা করা হবে। এর মধ্যে সংশ্লিষ্ট এলাকার ভোটাররা সরাসরি বিএলও-র সঙ্গে যোগাযোগ করে নাম যাচাই করতে পারবেন।
কমিশন সূত্রে জানানো হয়েছে, ৭ কোটি ৮ লক্ষের মধ্যে প্রায় ৬০ লক্ষ নামের নিষ্পত্তি এখনও বাকি। বাকি ৬ কোটি ৪৮ লক্ষের মধ্যে ইতিমধ্যেই ৬ লক্ষেরও বেশি অবৈধ ভোটারের নাম চিহ্নিত হয়েছে, যেগুলি বাদ যাবে। চূড়ান্ত তালিকায় সব নামই থাকবে, তবে তা তিনটি পৃথক শ্রেণিতে ভাগ করা হবে—‘অ্যাপ্রুভড’, ‘ডিলিটেড’ এবং ‘বিচারাধীন’। নতুন ভোটারদের ফর্ম ৬-এর ভিত্তিতে অনুমোদিত প্রায় ১ লক্ষ ২০ হাজার নাম ‘অ্যাপ্রুভড’ তালিকায় যুক্ত হবে। ভবিষ্যতে যাচাই সম্পূর্ণ হওয়া নামগুলি ‘সাপ্লিমেন্টারি’ বা অতিরিক্ত তালিকায় প্রকাশ করা হবে। তবে সেই অতিরিক্ত তালিকা কবে বা কত দফায় প্রকাশ পাবে, তা এখনও স্পষ্ট করেনি কমিশন।
কমিশন জানিয়েছে, শনিবার দুপুরের মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top