চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৬৩ লক্ষের বেশি নাম বাদ; ‘বিচারাধীন’ আরও ৬০ লক্ষ, মাঠে নামার নির্দেশ তৃণমূলের

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৬৩ লক্ষের বেশি নাম বাদ; ‘বিচারাধীন’ আরও ৬০ লক্ষ, মাঠে নামার নির্দেশ তৃণমূলের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – এসআইআরের খসড়া তালিকায় আগেই বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তার পর ‘আনম্যাপড’ ও ‘লজিকাল ডিসক্রিপেন্সি’ ইস্যু সামনে এনে নতুন করে বিতর্ক তৈরি হয়। বিষয়টি গড়ায় Supreme Court of India-এ। শীর্ষ আদালতের নির্দেশ মেনে শনিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে Election Commission of India। তাতে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম বাতিল করা হয়েছে। ফলে ২০২৫ সালের তালিকার নিরিখে মোট বাদ পড়া ভোটারের সংখ্যা দাঁড়াল ৬৩ লক্ষেরও বেশি। পাশাপাশি প্রায় ৬০ লক্ষ নাম এখনও ‘বিচারাধীন’ বা অ্যাডজুডিকেশনে রয়েছে।
এই পরিস্থিতিতে রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়েছে। বিজেপি নেতাদের দেড় কোটি নাম বাদ দেওয়ার ‘টার্গেট’ কি ঘুরপথে পূরণ করা হচ্ছে—এমন প্রশ্নও উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। যদিও এ নিয়ে কমিশনের তরফে নির্দিষ্ট কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে বিপুল সংখ্যক নাম বাদ পড়ার ঘটনায় রাজনৈতিক মহলে উদ্বেগ বাড়ছে।
এমন আবহে দলীয় নেতা-কর্মীদের স্পষ্ট নির্দেশ দিয়েছে Mamata Banerjee-র নেতৃত্বাধীন All India Trinamool Congress। সূত্রের খবর, প্রতিটি ওয়ার্ড ও বুথভিত্তিক তালিকা খতিয়ে দেখে যেসব বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে, তাঁদের চিহ্নিত করতে বলা হয়েছে। অভিযোগ উঠেছে, ‘লজিকাল ডিসক্রিপেন্সি’-র নামে একাধিক বুথে বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এমনকী যাঁদের শুনানিতে ডাকা হয়নি, তাঁদের নামও তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ। আবার নিয়ম মেনে শুনানিতে হাজির হয়ে সমস্ত নথি জমা দেওয়ার পরও চূড়ান্ত তালিকায় নাম না ওঠার অভিযোগও সামনে এসেছে।
দলীয় নির্দেশ অনুযায়ী, সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে যাঁদের প্রয়োজনীয় নথি রয়েছে, তাঁদের হয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাতে হবে। যে নিয়মে ভোটার তালিকায় নাম তোলা যায়, সেই প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করতে বলা হয়েছে। যাঁদের নাম ‘বিচারাধীন’ রয়েছে, তাঁদের ক্ষেত্রেও পর্যায়ক্রমে প্রকাশিত তালিকা ধরে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রথম দফার চূড়ান্ত তালিকা অনুসারে রাজ্যের মোট ভোটার সংখ্যা এখন ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪। এর মধ্যে ১ লক্ষ ৮৮ হাজার ৭০৭ জন নতুন ভোটার। ‘ফর্ম ৬’ পূরণ করে তালিকায় যুক্ত হয়েছেন ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জন, আর বাকিরা ‘ফর্ম ৮’ জমা দিয়ে নাম সংশোধন বা অন্তর্ভুক্ত করেছেন। তবে খসড়া তালিকা থেকে অতিরিক্ত প্রায় সাড়ে ৫ লক্ষ নাম বাদ যাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে—কোন ভিত্তিতে বা কার আপত্তিতে এই বর্জন করা হল, তার স্পষ্ট ব্যাখ্যা এখনও মেলেনি।
যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের আবার ফর্ম ৬ পূরণ করে আবেদন করার সুযোগ রাখা হয়েছে। সেই প্রক্রিয়ায় সাধারণ মানুষকে সহায়তা করতে মাঠে নামার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। নির্বাচন মরশুমে এই পদক্ষেপ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top