চেক বাউন্স মামলায় বড় ধাক্কা রাজপাল যাদবের, আত্মসমর্পণের নির্দেশ দিল্লি হাইকোর্টের

চেক বাউন্স মামলায় বড় ধাক্কা রাজপাল যাদবের, আত্মসমর্পণের নির্দেশ দিল্লি হাইকোর্টের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – চেক বাউন্স মামলায় (Cheque Dishonour Case) ফের বড় বিপাকে বলিউড অভিনেতা রাজপাল যাদব (Rajpal Yadav)। দিল্লি হাইকোর্ট (Delhi High Court) স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রতিশ্রুতি মতো টাকা ফেরত না দেওয়ায় আর কোনও রকম নমনীয়তা দেখানো হবে না। সেই কারণেই বুধবারই তাঁকে আত্মসমর্পণ (Surrender) করার নির্দেশ দিয়েছে আদালত। ফলে অভিনেতার জেলে ফেরার পথ কার্যত পাকা হয়ে গেল।
২০১৮ সালের এপ্রিল মাসে একটি ম্যাজিস্ট্রেট আদালত রাজপাল যাদবকে ছ’মাসের কারাদণ্ডের সাজা দিয়েছিল। যদিও সেই রায়কে চ্যালেঞ্জ করে তিনি ও তাঁর স্ত্রী দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন। তখন তাঁদের সাজা স্থগিত রাখা হয়। পরে ২০২৪ সালে আবারও তাঁকে দোষী সাব্যস্ত করে আদালত। তবে মামলাকারীদের সঙ্গে সমঝোতার সম্ভাবনা থাকায় সাজার উপর সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়েছিল।
কিন্তু আদালতের শর্ত অনুযায়ী বকেয়া টাকা ফেরত দেননি অভিনেতা। তিনি আশ্বাস দিয়েছিলেন, সম্পূর্ণ টাকা দ্রুত পরিশোধ করবেন। গত বছরের অক্টোবর মাসে দেড় কোটি টাকা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিলেও এখনও প্রায় ৯ কোটি টাকা বাকি রয়েছে। এই পরিস্থিতিতে আদালতের মত, আর কোনও রকম ছাড় দেওয়া সম্ভব নয়।
মঙ্গলবার দিল্লি হাইকোর্ট জানিয়ে দেয়, রাজপালের ক্ষেত্রে আগের সব শিথিল অবস্থান প্রত্যাহার করা হচ্ছে। নির্দেশ অনুযায়ী বুধবার বিকেল ৪টের মধ্যে তাঁকে জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে। আদালতের বক্তব্য, নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা।
বর্তমানে কর্মসূত্রে মুম্বইয়ে (Mumbai) রয়েছেন রাজপাল যাদব। তবে আদালতের নির্দেশ মেনে নির্ধারিত সময়ের মধ্যেই তাঁকে দিল্লিতে গিয়ে আত্মসমর্পণ করতে হবে। উল্লেখ্য, এর আগেও তিনি তিন দিন তিহাড় জেলে কাটিয়েছেন। এবারও সম্ভবত তাঁকেই তিহাড় জেলেই রাখা হবে বলে আদালত সূত্রের অনুমান।
এই মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে হবে। তখন অভিনেতার সাজা ও ভবিষ্যৎ আইনি পদক্ষেপ নিয়ে আদালত কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই এখন নজর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top