
ছ’হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুদূর শিকাগো থেকে ম্যাঞ্চেস্টারে হাজির পাকিস্তানের সমর্থক মহম্মদ বশির আকা। যাঁকে ক্রিকেট দুনিয়া ডাকে ‘চাচা শিকাগো’ নামে। রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এই ম্যাচে টিকিটের বিপুল চাহিদা থাকায় কালোবাজারে ৮০০-৯০০ পাউন্ডে বিক্রি হচ্ছে। কিন্তু বশিরের হাতে ম্যাচের কোনও টিকিট নেই। তবুও তিনি আশায় বুক বেঁধেছেন, প্রথম বল গড়ানোর আগেই গ্যালারিতে পৌঁছে যেতে পারবেন। সেটা কী করে সম্ভব হবে? প্রশ্নের জবাবে বশির বলেন, ‘আমি গতকাল এখানে এসেছি। টিকিটের হাহাকার পড়ে গিয়েছে। আমার পক্ষে এত টাকা দিয়ে ব্ল্যাকে টিকিট কেনা সম্ভব নয়। ওই টাকা খরচ করলে আমি শিকাগো ফিরে যাব। কিন্তু আমার বিশ্বাস মহেন্দ্র সিং ধোনি যখন জানতে পারবেন যে আমি ম্যাঞ্চেস্টারে এসেছি, তখন উনি নিশ্চয়ই টিকিটের ব্যবস্থা করবেন। আমি ধোনিকে এখনও ফোন করিনি। ওকে শুধু টেক্সট মেসেজ পাঠিয়ে রেখেছি। আমাকে আগে থেকে ও কথা দিয়ে রেখেছে, এখানে এলে টিকিটের ব্যবস্থা করে দেবে। বড় মনের মানুষ দোনি। ২০১১ সালের বিশ্বকাপে মোহালি থেকে উনি আমার জন্য যা করেছেন, আর কোনও ক্রিকেটার কারও জন্য তেমন কিছু করেছে বলে মনে হয় না। আমি নিয়মিত ধোনির থেকে ফ্রি টিকিট পেয়ে আসছি। এবারও আমি ওর কাছে কৃতজ্ঞ থাকব।’
ম্যাঞ্চেস্টারে পা রাখার পরেই বশির হাজির হয়েছিলেন পাকিস্তানের টিম হোটেলে। সেখানে তিনি ক্যাপ্টেন সরফরাজ আহমেদ, মহম্মদ আমির ও হাসান আলির সঙ্গে দেখা করে আগাম শুভেচ্ছা জানিয়ে আসেন।


















