
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর,২৯ শে আগস্ট : জঙ্গলমহল থেকে ফের উদ্ধার এক পূর্ণ বয়স্ক হাতির মৃতদেহ। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার আমলাগোড়া রেঞ্জের পাতরীশোল বীটের মাগুরাশোল মৌজায় আজ সকালে একটি মৃত হাতি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, মৃত হাতিটি এলাকার রেসিডেন্সিয়াল হাতি হিসেবেই সুবিদিত ছিল এলাকায়। এলাকার জঙ্গলে প্রায়দিনই হাতিটি থাকত। গত কয়েকদিন আগেই এই জঙ্গলে ২৫ – ৩০ টি হাতির পাল প্রবেশ করে। জঙ্গলের আধিপত্য কার থাকবে তা নিয়ে অন্য কোন হাতির সাথে লড়াই এ প্রাণ যায় এই রেসিডেন্সিয়াল হাতিটির, এমনই প্রাথমিক অনুমান স্থানীয়দের একাংশের। যদিও মৃত্যুর কারন নিয়ে ধোঁয়াশা রয়েছে অন্যান্য এলাকাবাসীদের মধ্যে।
স্থানীয় বাসিন্দারা মৃত হাতিটির চারিদিকে লড়ায় করার পায়ের ছাপও দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন বনদপ্তরের কর্মীরা। বনদপ্তর সুত্রে জানা গিয়েছে কিভাবে হাতিটির মৃত্যু হল তা খতিয়ে দেখতে হাতিটির ময়নাতদন্ত করা হবে। অন্যদিকে হাতি মৃত্যুর খবর পেয়ে হাতিটিকে দেখতে এলাকায় ভীড় জমান স্থানীয় বাসিন্দারা।



















