উত্তরবঙ্গ – জনস্বার্থ ও সরকারি বিধিনিষেধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বড় সিদ্ধান্ত নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (NBSTC)। নিগমের অধীনে চলাচল করা পুরোনো বাসগুলির গায়ে থাকা পানমশলা ও গুটখা জাতীয় সমস্ত বিজ্ঞাপন দ্রুত সরিয়ে ফেলার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের কোনও স্বাস্থ্যবিরোধী বিজ্ঞাপন আর বাসে লাগানো হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায়।
নিগম সূত্রে জানা গিয়েছে, বর্তমানে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের অধীনে প্রায় ৭০০টি বাস চলাচল করে। এর মধ্যে প্রায় ১৫০টি বাসে পানমশলা বা গুটখা সংস্থার বিজ্ঞাপন ছিল। এক সময় এই বিজ্ঞাপনগুলি থেকে বছরে প্রায় ৪০ লক্ষ টাকা আয় হলেও, সাম্প্রতিক কালে সেই আয় বেড়ে দাঁড়ায় প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা। তা সত্ত্বেও আর্থিক লাভের চেয়ে জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়েই এই কঠিন কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে নিগম কর্তৃপক্ষ।
এই প্রসঙ্গে পার্থ প্রতিম রায় বলেন, “এইসব বিজ্ঞাপন থেকে নিগমের উল্লেখযোগ্য রাজস্ব এসেছে ঠিকই, কিন্তু এর ফলে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হয়। তাই ভবিষ্যতে এমন কোনও বিজ্ঞাপন আর আমাদের বাসে রাখা হবে না। যেসব বাসে এখনও এই ধরনের বিজ্ঞাপন রয়েছে, সেগুলি খুলে ফেলার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।”
উল্লেখ্য, কয়েক বছর আগে আয় বাড়ানোর লক্ষ্যে বাসের গায়ে বিজ্ঞাপন দেওয়ার জন্য টেন্ডারের মাধ্যমে দুটি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দিয়েছিল NBSTC। সেই সময় সাবান, শ্যাম্পু, বিস্কুটের মতো পণ্যের পাশাপাশি গুটখা ও পানমশলার বিজ্ঞাপনও ব্যাপকভাবে দেখা যেত। তবে বিভিন্ন সামাজিক সংগঠনের আপত্তি এবং সরকারি নির্দেশিকা মেনে এবার সেই পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজ্য সরকার একদিকে পরিবহণ নিগমগুলিকে ভর্তুকি দেয়, অন্যদিকে নিজস্ব আয় বৃদ্ধির কথাও বলে। কিন্তু স্বাস্থ্যবিরোধী বিজ্ঞাপন কোনওভাবেই গ্রহণযোগ্য নয়—এই নীতিতেই অনড় থাকছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। আগামী দিনে নিগমের বাসে আর দেখা যাবে না পানমশলা, গুটখা বা সিগারেটের মতো ক্ষতিকর পণ্যের বিজ্ঞাপন।




















