
নিউজ ডেস্ক,পশ্চিম মেদিনীপুরঃএবার রায়ত্ত জায়গা জোর করে দখলের চেস্টার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর পুরসভার অন্তর্গত গান্ধীঘাট এলাকায়। অভিযোগ এই এলাকায় কয়েক দশক আগে থেকে কিছু বাসিন্দা জায়গা কিনে রেখেছেন। যা রায়ত্ত সম্পত্তি হিসেবে কাগজও রয়েছে। কিন্তু সম্প্রতি পুরসভা সেই স্থানে নিজেদের প্রকল্প করবে বলে দাবি করে সেই জায়গা দখল নেওয়ার চেষ্টা করে। সে সময় স্থানীয় বাসিন্দারা কাগজপত্র নিয়ে প্রশাসনের দ্বারস্থ হলে প্রশাসনের তরফ থেকে জানানো হয় তাদের জন্য অন্য জায়গা দেওয়া হবে। কিন্তু তারপর থেকে পৌরসভা বা প্রশাসনের তরফ থেকে স্থানীয়দের সাথে কথা না বলে হঠাৎ করেই বৃহস্পতিবার সেই জায়গা মাপজোপ করতে যায় বলে অভিযোগ। অন্যদিকে এই জায়গার মালিকদের তরফ থেকে একজন ইতিমধ্যেই মেদিনীপুর আদালতে মামলা করায় আদালত থেকে পুরো জায়গাতে কোনো ধরনের কাজকর্ম করার ওপর স্থগিতাদেশ জারি করেছে। স্থানীয়দের অভিযোগ আদালতের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও পুরসভা সেই জায়গায় কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে মাপজোপ শুরু করে বৃহস্পতিবার। স্থানীয়দের দাবি তাদের আগে যে জায়গা দেওয়া হবে সেটা ঠিক করে দেওয়া হোক নতুবা তারা এই স্থানে কোন কিছু করতে দেবেন না। আদালতের স্থগিতাদেশ থাকা সত্তেও তারা কেনো মাপজোপ করছেন, এ বিষয়ে পুরসভার আধিকারিকদের প্রশ্ন করা হলে সাংবাদিক দের সে প্রশ্নের উত্তর এড়িয়েই কিছু পরে ঘটনাস্থল থেকে বেরিয়ে যান তারা।



















