
নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা,২০ শে সেপ্টেম্বরঃ জমি নিয়ে বিবাদের জেরে সংঘর্ষে প্রতিবেশীদের হাতে বেধড়ক মার খেলেন এক মহিলা। তাকে উদ্ধার করতে এসে মার খান আরও এক মহিলা। গুরুতর জখম অবস্থায় ময়না বায়েন ও গঙ্গা বায়েনকে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত পরানিখেকো গ্রামে। প্রায় বছর পনেরো আগে মন্টু বায়েন তিরিশ হাজার টাকার বিনিময়ে দেড় বিঘা জমি বন্দক দিয়েছিলেন প্রতিবেশী ধনঞ্জয় নস্করের কাছে। বছর তিনেক আগে মারা যান মন্টুবাবু। তার ছেলে গৌতম বায়েন ও বৌমা ময়না বায়েন সেই বন্দককৃত জমি ফেরৎ নেওয়ার সিদ্ধান্ত নেন। টাকা মিটিয়ে জমি ফেরৎ নিতে গেলেও কোনভাবেই সেই জমি ফেরৎ দিতে রাজি হননি ধনঞ্জয় নস্কর। শুক্রবার সকালে সেই জমিতে কাজ করতে গেলে ময়নাকে বেধড়ক মারধোর করা হয়। কোদালের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। জা কে মার খেতে দেখে গঙ্গা বাঁচাতে গেলে তাকে ও মারধোর করা হয়।



















