বিনোদন – মাত্র ৪২ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ২৯ মার্চ রবিবার ওড়িশার তালসারি সমুদ্রসৈকতে ধারাবাহিকের শুটিং করতে গিয়েছিলেন তিনি। সেখানেই জলে ডুবে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে ঠিক কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা নিয়ে তৈরি হয়েছে গভীর ধোঁয়াশা। সমাজমাধ্যমে ইতিমধ্যেই নানা প্রশ্ন এবং জল্পনা ঘিরে তোলপাড় পরিস্থিতি।
ধারাবাহিকের পরিচালকের দাবি, শুটিং চলাকালীনই দুর্ঘটনাটি ঘটে। কিন্তু অন্য একাধিক সূত্র বলছে, তখন নাকি শুটিং শেষ হয়ে গিয়েছিল। সহ-অভিনেত্রী শ্বেতা এই ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তাঁকে বারবার বলতে শোনা গিয়েছে, “আধ ঘণ্টা আগেও আমরা একসঙ্গে শুটিং করছিলাম,”—এই মন্তব্য আরও বাড়িয়েছে রহস্য।
সমাজমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, এত অভিজ্ঞ এবং বিচক্ষণ একজন মানুষ হয়েও কি তিনি উত্তাল সমুদ্রে নামার মতো ঝুঁকি নিতে পারেন? নাকি শুটিং সেটে পর্যাপ্ত নিরাপত্তার অভাবই এই দুর্ঘটনার নেপথ্যে? এই প্রশ্নগুলিই এখন ঘুরপাক খাচ্ছে নেটদুনিয়ায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন কোনওভাবে সমুদ্রে নেমে পড়েন রাহুল এবং তলিয়ে যান। অন্য একটি সূত্র অনুযায়ী, তালসারি সংলগ্ন সমুদ্রে বোটে চড়ে ঘোরার সময় বোট থেকে পড়ে যাওয়ার পরই এই দুর্ঘটনা ঘটে। উদ্ধার করার সময় তিনি জীবিত ছিলেন বলেও জানা গিয়েছে। এরপর ওড়িশার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
অভিনেতার দেহ পরে নিয়ে আসা হয় দীঘা স্টেট জেনারেল হাসপাতাল-এ। ইতিমধ্যেই পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে এবং দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।




















