বিনোদন – টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের আনন্দের মাঝেই নতুন বিতর্কে জড়ালেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুণের শিবাজি নগর থানায় ওয়াজিদ খান নামের এক আইনজীবী এই অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে ওই আইনজীবী জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উদযাপনের সময় হার্দিক পাণ্ডিয়াকে তাঁর বান্ধবীর সঙ্গে নাচতে দেখা যায়। সেই সময় তাঁর পিঠে জাতীয় পতাকা বাঁধা ছিল বলে অভিযোগ। তাঁর দাবি, ১৯৭১ সালের জাতীয় পতাকা আইনের ২ নম্বর ধারা অনুযায়ী জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। কিন্তু জয়ের উচ্ছ্বাসে হার্দিক সেই পতাকা নিয়েই শুয়ে পড়েছিলেন, যা তাঁর মতে জাতীয় পতাকার প্রতি অসম্মান।
ওয়াজিদ খানের কথায়, এই কাজ সংশ্লিষ্ট আইনের অধীনে একটি অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। সেই কারণে তিনি আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি আরও জানান, প্রথমে পুলিশ জানায় ঘটনাটি অন্য জায়গায় ঘটেছে বলে সেখানে অভিযোগ গ্রহণ করা সম্ভব নয়। তবে পরে তিনি পুলিশকে জানান যে জাতীয় পতাকা গোটা দেশের প্রতীক, তাই যেকোনও জায়গা থেকেই এ ধরনের অভিযোগ জানানো যায়। এরপর পুলিশ তাঁর অভিযোগ গ্রহণ করে এবং একটি কপিও দেয়।
এদিকে মাঠে হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে নিয়মিত দেখা যাচ্ছে মাহিকা শর্মাকে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর মাঠেই হার্দিককে চুম্বন করতে দেখা যায় মাহিকাকে। বর্তমানে তিনি হার্দিকের স্ত্রী হিসেবেই পরিচিত। বিশ্বকাপ ফাইনালের পর মাঠেই তাঁকে ‘মিসেস’-এর মর্যাদা দেন ভারতীয় অলরাউন্ডার।
উল্লেখ্য, ২০২৪ সালে অভিনেত্রী নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটেন হার্দিক পাণ্ডিয়া। এরপর তাঁর জীবনে বহু উত্থানপতন আসে। পরবর্তীতে মাহিকা শর্মার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। হার্দিকের ছেলে অগস্ত্যর সঙ্গেও মাহিকার ভালো সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। হার্দিকের ম্যাচ থাকলে প্রায়ই স্টেডিয়ামে মাহিকাকে দেখা যায়। সেমিফাইনাল ম্যাচেও প্রেমিকের ছেলেকে কোলে নিয়ে খেলা দেখছিলেন তিনি। তবে বিশ্বকাপ জয়ের আনন্দের মাঝেই এবার জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ঘিরে নতুন বিতর্কে জড়ালেন এই ভারতীয় অলরাউন্ডার।




















