
নিউজ ডেস্ক,কোলকাতা : ২০১৮ সালে জিও কোম্পানির পক্ষ থেকে একটি অভিযোগ জানানো হয় বিধাননগর সাইবার ক্রাইম থানায়। পুলিশ সূত্রে খবর, টাওয়ার বসানোর প্রলোভন দিয়ে এবং লোন পাইয়ে দেওয়ার প্রলোভন দিয়ে বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছিল একটি সংস্থা। সেই বিজ্ঞাপনে যারা সাড়া দিত তাদের মূলত লক্ষ্য তৈরি করে ফোন মারফত যোগাযোগ করতো এই চক্র। এই ভাবে কলকাতা সহ বিভিন্ন জেলায় বেশকিছু মানুষকে তাদের প্রতারণা চক্রে ফেলে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছিল এই চক্র। সেই তদন্ত শুরু করে সল্টলেকের সেক্টর ফাইভে রেজ মাল্টিস্টেট ক্রেডিট কঅপোরেটিভ সোসাইটি নামক একটি অফিসে হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সেই অফিস থেকে ২০১৮ সালের শেষের দিকে ১২জনকে গ্রেফতার করে সাইবার পুলিশ। তাদের জিজ্ঞেসাবাদ করে পুলিশ জানতে পারে তাদের দিয়ে এই কাজ করাতেন পঙ্কজ দাস নামক ওই সংস্থার সিইও। তার পরেই তার খোঁজে তল্লাশি শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। অবশেষে দীর্ঘ ১ বছরের তল্লাশি শেষে গোপন সূত্রে খবর পেয়ে পর্ণশ্রী এলাকায় গতকাল রাতে হানা দেয় সাইবার ক্রাইম থানার পুলিশ। সেখান থেকে এই ঘটনার মূল পাণ্ডা পঙ্কজ দাসকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর এই চক্র বিভিন্ন রাজ্য থেকে প্রায় ৫০ কোটি টাকার বেশি প্রতারণা করেছে। আজ তাকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই সংস্থা থেকে আরও কারা প্রতারিত হয়েছে তার তদন্ত করছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।



















