কলকাতা – ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কেঁপে উঠল শহর কলকাতা। রবিবার রাতে জোকা মেট্রোর কাছে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবক ও এক যুবতীর। ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুর ইএসআই হাসপাতালের টিপিজি এলাকার কাছে, ডায়মন্ড হারবার রোডে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম অঞ্জন সাধুখা (৩০) ও প্রিয়া দাস (৩৫)। প্রিয়া বিবাহিতা। দু’জনেই ঠাকুরপুকুর এলাকার বাসিন্দা। তাঁরা কোথায় যাচ্ছিলেন এবং কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক অনুমান, বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। সেই সময় পিছন থেকে অতিরিক্ত গতিতে আসা একটি পণ্যবাহী ট্রাক তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়।
রবিবার রাত প্রায় ১১টা ১০ মিনিট নাগাদ ডায়মন্ড হারবার রোড-এ ইএসআই হাসপাতালের মেইন গেটের কাছে এই দুর্ঘটনা ঘটে। বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল-এ। সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ডায়মন্ড হারবার রোড ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে। মাঝেমধ্যেই সেখানে দুর্ঘটনা ঘটছে, কখনও প্রাণহানি, কখনও গুরুতর জখমের ঘটনা সামনে আসছে। পলাতক ট্রাকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চালানো হচ্ছে।




















