জ্বালানির দামে ধাক্কা, কলকাতায় বাড়ল অটো ভাড়া—চাপে নিত্যযাত্রী

জ্বালানির দামে ধাক্কা, কলকাতায় বাড়ল অটো ভাড়া—চাপে নিত্যযাত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – মধ্যপ্রাচ্যের অস্থিরতার জেরে জ্বালানির দামে লাগামছাড়া বৃদ্ধি, আর তার সরাসরি প্রভাব এবার পড়ল কলকাতা-র রাস্তায়। শহরে ফের বাড়ল অটো ভাড়া, যা সাধারণ যাত্রীদের জন্য নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অটোচালকদের দাবি, ক্রমবর্ধমান LPG-র খরচ সামাল দিতেই বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
বিশেষ করে বিধাননগর ও আশপাশের একাধিক গুরুত্বপূর্ণ রুটে সোমবার থেকে নতুন ভাড়া কার্যকর হয়েছে। বিভিন্ন রুটে ২ থেকে ৫ টাকা পর্যন্ত ভাড়া বৃদ্ধি করা হয়েছে বলে জানা গিয়েছে, যা প্রতিদিনের যাতায়াতে অতিরিক্ত চাপ ফেলছে যাত্রীদের উপর।
উল্টোডাঙা থেকে সেক্টর ৫ রুটে আগে যেখানে ভাড়া ছিল ৩৫ টাকা, এখন তা বেড়ে হয়েছে ৪০ টাকা। মানিকতলা থেকে ফুলবাগান রুটে ভাড়া বেড়েছে ২ টাকা, এখন দিতে হচ্ছে ১৭ টাকা। ফুলবাগান থেকে গিরিশ পার্ক যেতে বাড়তি ৩ টাকা গুনতে হচ্ছে, ফলে ভাড়া দাঁড়িয়েছে ২৩ টাকা।
এছাড়া উল্টোডাঙা থেকে ট্যাঙ্ক নম্বর ১২ রুটে ভাড়া ২৫ টাকা থেকে বেড়ে ৩০ টাকা হয়েছে, অর্থাৎ ৫ টাকা বৃদ্ধি। ট্যাঙ্ক নম্বর ১৩ থেকে ফুলবাগান রুটে ভাড়া ১৪ টাকা থেকে বাড়িয়ে ১৬ টাকা করা হয়েছে।
অটোচালকদের বক্তব্য অনুযায়ী, গত কয়েক দিনে LPG-র দাম অস্বাভাবিক হারে বেড়েছে। মাত্র ৯ দিনের ব্যবধানে দু’দফায় প্রায় ১৩ টাকা পর্যন্ত দাম বেড়েছে অটো গ্যাসের, যার ফলে দৈনিক খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আগের ভাড়ায় পরিষেবা চালানো কার্যত অসম্ভব হয়ে পড়েছে বলে দাবি তাঁদের।
তবে যাত্রীদের একাংশ এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, প্রতিদিনের যাতায়াতের খরচ বেড়ে যাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। সব মিলিয়ে, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব যে সরাসরি শহরের গণপরিবহণ ব্যবস্থার উপর পড়ছে, তা আরও একবার স্পষ্ট হয়ে উঠল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top