
নিউজ ডেস্ক,পশ্চিম মেদিনীপুর: কাজ না করে প্রকল্পের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠল পঞ্চায়েতের বিরুদ্ধে। জানা যায়, রাস্তার কাজ করার জন্য রাস্তার ধারে লাগানো হয়েছিল গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে বোর্ড, কিন্তু কাজ হলো না অথচ উঠে গিয়েছে টাকা। এনিয়েই এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর দুই ব্লকের পলাশপাই গ্রাম পঞ্চায়েতের। ওই পঞ্চায়েতের জ্যোৎকেশব গ্রামের বাসিন্দা অশোক মাইতি সহ বেশ কয়েকজন এবিষয়ে সোচ্চার হয়েছেন। তাদের অভিযোগ, এই এলাকায় প্রায় দু বছর ধরে কয়েকটি সরকারি প্রকল্পের বোর্ড দেওয়া হয়েছে, কিন্তু কোনও কাজ হয়নি। বিষয়টি নিয়ে আর টি আই করলে জানতে পারা যায় এই কাজ গুলোর কিছু টাকা তোলা হয়ে গেছে, এমনকি মাস্টাররোলে স্বাক্ষর নেই অথচ টাকা তোলা হয়েছে। তাদের দাবি, কিভাবে এই ধরনের দূর্নীতি হচ্ছে, এর সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হোক। আরটিআই রিপোর্টে কাজ না করে টাকা তুলে নেওয়ার ঘটনা সামনে আসতেই এলাকায় দেখা দিয়েছে ক্ষোভ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অঞ্চলের সচিব আশিষ কুমার ঘোষ বলেন, “স্বাক্ষর করা হয়নি ঠিকই, এটা একটা ভুল। কিন্তু যে ব্যক্তির নামে অভিযোগ উঠেছে ওই ব্যক্তি কাজ করেছেন তাই ওই ব্যক্তির একাউন্টে টাকা পাঠানো হয়েছে।ওই অঞ্চলের উপপ্রধান বিশ্বজিৎ মণ্ডলের পাল্টা দাবী, যে সমস্ত ব্যক্তিরা অভিযোগ করেছে ওই সমস্ত ব্যক্তিদের কাছে কোনও কাজ না থাকায় অহেতুক অভিযোগ করে এলাকার উন্নতিতে ব্যাঘাত ঘটাচ্ছে। পঞ্চায়েত নিয়মানুযায়ী কাজ করছে। এখন যারা অভিযোগ করছে আগে তারা তৃনমুলেই ছিল, দূর্নীতির দায়ে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছিল এখন দলকে বিব্রত করতেই মনগড়া অভিযোগ। তৃনমুল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে এহেন অভিযোগ উঠায় অস্বস্তিতে শাসকদল।


















