টালিগঞ্জে দুর্ঘটনার কবলে ‘একেনবাবু’ অনির্বাণ চক্রবর্তী, অল্পের জন্য বড় বিপদ এড়ালেন অভিনেতা

টালিগঞ্জে দুর্ঘটনার কবলে ‘একেনবাবু’ অনির্বাণ চক্রবর্তী, অল্পের জন্য বড় বিপদ এড়ালেন অভিনেতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – দুর্ঘটনার মুখে পড়লেন জনপ্রিয় অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ টালিগঞ্জ থেকে চারুমার্কেটের দিকে যাওয়ার পথে তাঁর গাড়িতে পিছন থেকে জোরে ধাক্কা মারে একটি বাস। ধাক্কার তীব্রতায় অনির্বাণের গাড়ির পেছনের কাচ ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনার সঙ্গে সঙ্গে আশপাশের মানুষ এগিয়ে এসে সাহায্য করেন এবং অভিনেতা নিজেই ঘটনাস্থল থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।

ঘটনাটির শুরু আচমকা একটি গাড়িকে এড়াতে ব্রেক কষতেই অনির্বাণের গাড়ির পিছনে এসে বাসটি ধাক্কা মারে। সংবাদ প্রতিদিন-এর সঙ্গে কথা বলতে গিয়ে অনির্বাণ জানান, তাঁর গাড়িটি তখন টালিগঞ্জ রেল ব্রিজের নিচে ছিল। ঠিক তখনই বাসটি পিছন থেকে ধাক্কা মারে। তাঁর কথায়, গাড়ির পিছনের দিকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ি থেকে নেমে তিনি দেখেন বাসের চালক ঘটনাকে তুচ্ছ করে মন্তব্য করছেন—“এইটুকুই তো ক্ষতি, আরও বড় কিছু হতে পারত।” এ ধরনের মন্তব্যে অনির্বাণ প্রতিবাদ জানান এবং সেই মুহূর্তেই পুলিশকে খবর দেন। টালিগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটি আটক করে।

‘একেনবাবু’ চরিত্রের মাধ্যমে আট থেকে আশির মন জয় করা এই অভিনেতাকে সড়কের ধারে দেখতে ভিড় জমে যায় স্থানীয়দের। অনির্বাণ আরও জানান, ঘটনাস্থল technically চারুমার্কেট থানার আওতায় পড়ায়, টালিগঞ্জ থানার পুলিশ তাঁকে চারুমার্কেট থানায় নিয়ে যায়। সেখানে এফআইআর দায়ের করা হয়েছে। তাঁর গাড়ি থানায় রাখা হয়েছে এবং বাসটিকেও নিয়ে আসা হচ্ছে। পুলিশের ভূমিকা এবং স্থানীয়দের সাহায্যের প্রশংসাও করেন তিনি। দুর্ঘটনার ধাক্কা সত্ত্বেও অনির্বাণ জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top