নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর,১৯ই আগস্ট : গতকাল দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার কৃষ্ণপুর চাষীবাড় এলাকায় কাঠের পোল থেকে টিউশন সেরে বাড়ি ফেরার সময় ব্রিজে পা পিছলে কেঠিয়াখালে পড়ে গিয়েছিল ওই গ্রামেরই বছর বারোর এক কিশোর, নান জাহাঙ্গীর শা। ওই কিশোরকে উদ্ধারে গতকাল স্থানীয় বিডিও’র উদ্যোগে বিকেলের দিকে নামানো হয় এনডিআরএফ’র দল।

গতকাল সন্ধ্যা পর্যন্ত তল্লাশির পর খোঁজ না মেলায় পুনরায় উদ্ধার কাজ শুরু হয় আজ সকাল থেকে। আজ সকাল থেকে উদ্ধারকাজ তদারকিতে চাষীবাড় এলাকায় উপস্থিত ছিলেন ব্লকের বিডিও শাশ্বত প্রকাশ লাহিড়ী সহ জয়েন্ট বিডিও। পড়ে যাওয়া কাঠের পোল থেকে কয়েক কিমি দুরে কেঠিয়াখাল থেকে উদ্ধার হয় ওই কিশোরের মৃতদেহ। মৃতদেহ উদ্ধারের পর পর কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন ।




















