ভাইরাল – মাঝরাস্তায় দুর্ঘটনা, আর তার পরেই সাহায্যের বদলে লুটতরাজ—এমনই এক চাঞ্চল্যকর ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই তীব্র ক্ষোভ তৈরি হয়েছে নেটমাধ্যমে। অন্ধ্রপ্রদেশের নেলোর জেলায় ঠান্ডা পানীয়ভর্তি একটি ট্রাক উল্টে যাওয়ার পর স্থানীয়দের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন।
ঘটনা অনুযায়ী, এক সহকারীকে নিয়ে ঠান্ডা পানীয় বোঝাই ট্রাক নিয়ে যাচ্ছিলেন চালক। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মাঝরাস্তাতেই উল্টে যায় ট্রাকটি। চারদিকে ছড়িয়ে পড়ে অসংখ্য প্লাস্টিকের বোতল। দুর্ঘটনা দেখে আশপাশের মানুষ ছুটে এলেও, সাহায্যের হাত বাড়ানোর বদলে শুরু হয় বোতল লুটের হিড়িক।
সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, উল্টে পড়া ট্রাকের উপর হুমড়ি খেয়ে পড়ছেন লোকজন। কেউ একসঙ্গে ১০-১২টি বোতল তুলে নিয়ে পালাচ্ছেন, কেউ আবার পুরো পেটি কাঁধে নিয়ে দৌড়চ্ছেন। ঠান্ডা পানীয় সংগ্রহ করতে গিয়ে ধাক্কাধাক্কিতে কেউ পড়েও যাচ্ছেন, তবুও থামছেন না কেউই।
ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘দ্য স্কিন ডক্টর’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে, এবং মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। ট্রাকচালক ও তাঁর সহকারী ঘটনাস্থলে উপস্থিত থেকে বারবার অনুরোধ করলেও কেউ তা শোনেননি। বরং ‘বিনামূল্যে পাওয়া’ বোতল হাতে পেয়ে অনেকের মুখে দেখা গিয়েছে উচ্ছ্বাস।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শেষমেশ পুলিশ এসে লুটপাট বন্ধ করে এবং ট্রাক ও ছড়িয়ে থাকা বোতল সরানোর ব্যবস্থা করে। এই ঘটনা সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা শুরু হয়েছে। এক নেটাগরিক ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “সাহায্যের জন্য কেউ এগিয়ে এল না, বরং সুযোগ বুঝে চুরি করল। এতটা অমানবিক কীভাবে হতে পারে মানুষ!”
এই ঘটনা ফের প্রশ্ন তুলেছে—দুর্ঘটনার মুহূর্তে মানবিকতা কোথায় হারিয়ে যাচ্ছে?




















