ডায়মন্ড হারবার পুরবোর্ড ভেঙে প্রশাসকের হাতে দায়িত্ব, রাজনৈতিক মহলে জোর চর্চা

ডায়মন্ড হারবার পুরবোর্ড ভেঙে প্রশাসকের হাতে দায়িত্ব, রাজনৈতিক মহলে জোর চর্চা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দক্ষিন চব্বিশ পরগনা- ডায়মন্ড হারবার পুরসভায় বড় প্রশাসনিক পরিবর্তন ঘটল। তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে প্রশাসকের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। ৯ জন তৃণমূল কাউন্সিলরের একযোগে পদত্যাগের পরই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, পদত্যাগী কাউন্সিলরদের চিঠি রাজ্যের আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স দপ্তরে পৌঁছানোর পর পুরবোর্ড ভেঙে দেওয়ার নির্দেশ জারি করা হয়। শনিবার সংশ্লিষ্ট দপ্তর প্রশাসক নিয়োগের নির্দেশ দেয় এবং সেই নির্দেশ অনুযায়ী রবিবার থেকে ডায়মন্ড হারবার পুরসভার সমস্ত প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করেছেন মহকুমাশাসক অয়ন দত্তগুপ্ত।

গত ২৫ মে পুরসভার মোট ১৬টি ওয়ার্ডের মধ্যে ৯ জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেন। তাঁদের মধ্যে আট জন সরাসরি পদত্যাগপত্র জমা দেন এবং একজন ই-মেলের মাধ্যমে নিজের পদত্যাগের কথা জানান। এই গণপদত্যাগের ফলে পুরবোর্ডের সংখ্যাগরিষ্ঠতা ভেঙে পড়ে এবং প্রশাসনিক সংকট তৈরি হয়।

পদত্যাগী কাউন্সিলরদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পুরসভার বিভিন্ন কাজে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে আসছিল। এই বিষয়ে প্রতিবাদ জানাতে গেলে তাঁদের নানা ধরনের চাপ, হয়রানি এবং প্রশাসনিক বাধার মুখে পড়তে হয়েছে বলেও দাবি করেছেন তাঁরা।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন দিব্যেন্দু হালদার, মঞ্জু মণ্ডল, তমাল হালদার, মৃদুল হালদার, স্বপন দাস, অলক হালদার, অমিত সাহা, দেবকী হালদার এবং পূজা সাহা। তাঁদের সম্মিলিত পদত্যাগের ফলেই পুরবোর্ড কার্যত অকার্যকর হয়ে পড়ে।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ডায়মন্ড হারবার পুরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নিয়ম অনুযায়ী ২০২৭ সালে পরবর্তী নির্বাচন হওয়ার কথা। অর্থাৎ নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই প্রশাসকের হাতে পুরসভার দায়িত্ব চলে গেল।

রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর একাধিক পুরবোর্ডে প্রশাসনিক পুনর্গঠনের ঘটনা সামনে এসেছে। এর আগে চন্দননগর পুরনিগম এবং কাঁথি পুরবোর্ডেও অনুরূপ পরিস্থিতি তৈরি হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হল ডায়মন্ড হারবার পুরসভা।

রাজ্যের রাজনৈতিক মানচিত্রে ডায়মন্ড হারবার বরাবরই একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত। তাই তৃণমূল পরিচালিত পুরবোর্ডের পতন স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। আগামী দিনে এই প্রশাসনিক পরিবর্তনের রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব কতটা বিস্তৃত হয়, সেদিকেই এখন নজর রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top