ডিএ ও সপ্তম পে কমিশন নিয়ে জল্পনা তুঙ্গে, ভোটের আগে কি আশ্বাসে ভরসা পাবেন সরকারি কর্মীরা?

ডিএ ও সপ্তম পে কমিশন নিয়ে জল্পনা তুঙ্গে, ভোটের আগে কি আশ্বাসে ভরসা পাবেন সরকারি কর্মীরা?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – ডিএ মামলার রায় এখনও সুপ্রিম কোর্টে রিজার্ভ রয়েছে। এরই মধ্যে ২০২৬ সাল এসে গেলেও রাজ্য সরকারের তরফে মহার্ঘ ভাতা বা সপ্তম পে কমিশন নিয়ে কোনও স্পষ্ট ঘোষণা শোনা যায়নি। ডিএ বৃদ্ধির বিষয়েও কোনও আপডেট নেই। এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে জল্পনা ও উদ্বেগ ক্রমশ বাড়ছে। চলতি বছরেই বিধানসভা নির্বাচন, ফলে ভোটের আগে সরকারি কর্মীদের কথা ভেবে রাজ্য সরকার কোনও পদক্ষেপ নেয় কি না, সেদিকেই তাকিয়ে সকলে।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল সরকার। ভোটের মুখে পরপর দু’বার মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল। এবারও কি সেই একই কৌশল নিতে চলেছে রাজ্য সরকার, তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা। বিশেষ করে ডিএ মামলার রায় ঘোষণার অপেক্ষায় থাকা কর্মীদের প্রত্যাশা আরও বেড়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে সরকারি কর্মীদের মধ্যে অসন্তোষ জমতে দিতে চাইবে না রাজ্য সরকার। কারণ, এই কর্মচারীরাই রাজ্যের একটি বড় ভোটব্যাঙ্ক। পাশাপাশি বিভিন্ন জনমুখী প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও সরকারি কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আবহেই সম্প্রতি রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়ার মন্তব্য নতুন করে জল্পনা উসকে দিয়েছে।
তৃণমূল কংগ্রেস প্রভাবিত একটি সরকারি কর্মচারী সংগঠনের সভায় বক্তব্য রাখতে গিয়ে মানস ভূঁইয়া বলেন, সরকার খুব ভালোভাবেই জানে যে রাজ্যের নানা প্রকল্প রূপায়ণে সরকারি কর্মীরা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের অক্লান্ত পরিশ্রম ছাড়া সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
একই সঙ্গে তাৎপর্যপূর্ণ মন্তব্য করে মন্ত্রী জানান, সরকার চোখ বন্ধ করে নেই। সরকারি কর্মীদের চিকিৎসা ভাতা, ভ্রমণ ভাতা এবং ডিএ সংক্রান্ত দাবির বিষয়ে সরকার সম্পূর্ণ ওয়াকিবহাল। রাজ্যের আর্থিক সঙ্গতি ও সুযোগ-সুবিধার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী নিজে এই বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলেও আশ্বাস দেন তিনি। মন্ত্রীর এই বক্তব্য সরকারি কর্মীদের মধ্যে কিছুটা স্বস্তি ফেরালেও, স্পষ্ট ঘোষণা না হওয়া পর্যন্ত অনিশ্চয়তা কাটছে না।
এদিকে ডিএ মামলার রায় নিয়ে ফের নজর ঘুরছে সুপ্রিম কোর্টের দিকে। সোমবার শীর্ষ আদালত খুললে এই মামলার রায় ঘোষণা হয় কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে সবাই। একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ডিএ মামলার চূড়ান্ত রায় ঘোষণা হতে পারে। সত্যিই সেই রায় কর্মীদের পক্ষে যায় কি না এবং তার প্রভাব রাজ্য সরকারের সিদ্ধান্তে কতটা পড়ে, সেটাই এখন দেখার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top