রাজ্য – ডিসেম্বরের শেষ সপ্তাহে দাপুটে ইনিংস খেলছে শীত। নিজেই নিজের রেকর্ড ভাঙছে তাপমাত্রা। চলতি মরশুমে এই প্রথমবার কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রার পারদ নেমে এল ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা এই মরশুমের শীতলতম দিন বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ আরও নামতে পারে। এরপর দু’-তিন দিন একইরকম তাপমাত্রা বজায় থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ৩১ ডিসেম্বর থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে। যদিও বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। নতুন বছরের শুরুতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস।
পরিসংখ্যান বলছে, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি সেলসিয়াস কম। গত ২৫ ডিসেম্বর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। তার আগে ২১ ডিসেম্বর তাপমাত্রা নেমেছিল ১৪.৪ ডিগ্রিতে এবং ৬ ডিসেম্বর ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শীত আরও বেশি জাঁকিয়ে বসেছে। সেখানে তাপমাত্রা নেমে এসেছে ৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উপকূলবর্তী জেলাগুলিতে রাতের তাপমাত্রা ঘোরাফেরা করবে ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
উত্তরবঙ্গে পরিস্থিতি আরও কড়া। হাড়কাঁপানো শীতে জবুথবু গোটা এলাকা। আগামী ২-৩ দিনের জন্য কোচবিহার ও আলিপুরদুয়ারে ‘শীতল দিনের’ চরম সতর্কতা জারি করা হয়েছে। এই সময় রাতের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে এবং দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৪-৫ ডিগ্রি কম থাকতে পারে। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পার্বত্য এলাকা ও উপরের দিকের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ৭ থেকে ১০ ডিগ্রির মধ্যে। মালদহ ও সংলগ্ন জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।
শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশার দাপটও। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে যেতে পারে বলে আশঙ্কা।
শুধু বাংলা নয়, দেশের একাধিক রাজ্যেও শীতের প্রকোপ বাড়ছে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান এবং ঝাড়খণ্ডে চলবে শৈত্যপ্রবাহ। বিহার, উত্তরপ্রদেশ, সিকিম ও উত্তরাখণ্ডেও ক্রমশ কমছে তাপমাত্রা। পাশাপাশি দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, অসম, মেঘালয়, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ ও অরুণাচল প্রদেশে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।




















