পশ্চিম মেদিনীপুর – ভোটের আবহে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় রাজনৈতিক উত্তাপ আরও চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah। ডেবরা বিধানসভা কেন্দ্রের অকালপৌষ প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত ‘বিজয় সংকল্প সভা’ থেকে তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তিনি। সভামঞ্চ থেকে সরাসরি মুখ্যমন্ত্রী Mamata Banerjee-কে কটাক্ষ করে একাধিক রাজনৈতিক বার্তা দেন।
বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, “মমতা দিদি, আপনি যত জোর লাগাবেন লাগিয়ে নিন, বিজেপি জেতার পর বাংলায় বহিরাগতদের একে একে চিহ্নিত করে বের করে দেওয়া হবে।” পাশাপাশি বিজেপির পক্ষে ভোট চেয়ে তিনি দাবি করেন, “পদ্মফুলে বোতাম টিপলে বাংলায় সিন্ডিকেট রাজ উপড়ে গঙ্গায় ফেলে দেওয়া হবে।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোটের পর সাধারণ মানুষের উপর কোনওরকম সন্ত্রাস চালানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং দোষীদের জেলে পাঠানো হবে। তাঁর এই মন্তব্যে সভায় উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
এদিন ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়েও সরব হন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী Narendra Modi ঘাটাল এলাকার উন্নয়নের জন্য প্রায় ১৫০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন করলেও রাজ্য সরকার তা বাস্তবায়ন করতে দেয়নি। তিনি আশ্বাস দেন, বিজেপি সরকার গঠিত হলে এক বছরের মধ্যেই ঘাটাল মাস্টারপ্ল্যান চালু করা হবে।
সভাকে কেন্দ্র করে Debra জুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং ব্যাপক জনসমাগম। নির্বাচনের প্রাক্কালে এই সভা ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ডেবরা থেকে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করার ডাক দেওয়ার পর সেখানে ভোটারদের রায় কী হয়, তার জন্য এখন নজর ৪ মে-র দিকে।

















