
নিজস্ব সংবাদদাতা,ডোমকল,২৫শে জুলাই : আস্থা ভোটে হেরে ডোমকল পুরসভার চেয়ারম্যান পদ হারালেন তৃণমূল নেতা সৌমিক হোসেন।ডোমকল পুরপিতা সৌমিক হোসেনের বিরুদ্ধে ১ জুলাই ডোমকল মহকুমাশাসকের কাছে লিখিত আকারে অনাস্থা প্রস্তাব জমা দেন দলের বিক্ষুব্ধ কাউন্সিলররা।নির্ধারিত পনের দিনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করেননি পুরপ্রধান। এমনকি তিনি ইস্তফাও দেননি।বৃহস্পতিবার পুরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ চাকি তলবি সভা আহবান করেন। সভায় চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন ১৫ জন কাউন্সিলর। তাঁদের অভিযোগ, বোর্ড গঠনের পর দু’বছর কেটে গেলে কাউন্সিলরদের সঙ্গে সরকারিভাবে বৈঠকে বসার আগ্রহ দেখাননি চেয়ারম্যান। পুরসভায় তিনি নিয়মিত আসেনও না। পুরসভায় আর্থিক দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগও ছিল।



















