তরোয়াল হাতে সংবর্ধনা, বীরভূমে বিজেপির নবনির্বাচিত যুব সভাপতিকে ঘিরে চর্চা

তরোয়াল হাতে সংবর্ধনা, বীরভূমে বিজেপির নবনির্বাচিত যুব সভাপতিকে ঘিরে চর্চা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বীরভূম – অস্ত্র তুলে দিয়ে সংবর্ধনা—এবার এমনই দৃশ্য দেখা গেল বীরভূমে। নবনির্বাচিত বিজেপি বীরভূম সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি সমরেশ ঘোষকে পুষ্পস্তবকের পাশাপাশি তরোয়াল হাতে তুলে দিয়ে সম্মান জানালেন দলীয় কর্মীরা। শনিবার বিকেলে রামপুরহাটের দলীয় কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়।
সমরেশ ঘোষ দাবি করেন, অস্ত্র এখানে দেশরক্ষার প্রতীক, লড়াইয়ের সরঞ্জাম হিসেবে এর একটি সাংকেতিক গুরুত্ব রয়েছে। আগামী দিনে যুব কর্মীদের সঙ্গে নিয়ে রাজনৈতিক লড়াইয়ের ময়দানে নামার প্রস্তুতি নিচ্ছেন বলেও তিনি জানান। তাঁর কথায়, দেশের সংস্কৃতি পরিচালনায় যেমন শাস্ত্রের প্রয়োজন, তেমনই দেশরক্ষায় অস্ত্রের প্রতীকী গুরুত্ব রয়েছে। সেই ভাবনা থেকেই পুষ্পস্তবকের পাশাপাশি তাঁর হাতে শাস্ত্র ও অস্ত্র তুলে দেন দলীয় কর্মীরা।
সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য একাধিক জেলায় যুব মোর্চার সভাপতির পদে রদবদল করেন। বিভিন্ন জেলায় নতুন মুখকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় বীরভূম সাংগঠনিক জেলায় যুব সভাপতির পদে আনা হয়েছে সমরেশ ঘোষকে।
সামনেই বিধানসভা নির্বাচন। আসন্ন ভোটকে সামনে রেখে যুব শক্তিকে আরও সক্রিয় ও সংগঠিত করতে এই রদবদল বলে মনে করছে রাজনৈতিক মহল। অনুব্রত মণ্ডলের গড় হিসেবে পরিচিত বীরভূমে এবার গেরুয়া শিবির জোরদার লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বলেই রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা। নবনির্বাচিত যুব সভাপতির হাতে শাস্ত্রের পাশাপাশি অস্ত্র তুলে দেওয়ার ঘটনাকে অনেকেই সেই রাজনৈতিক বার্তার ইঙ্গিত হিসেবেই দেখছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top