
নিজস্ব সংবাদদাতা,বীরভূম,২৯ শে আগস্ট : আজ বৃহস্পতিবার কৌশিকী অমাবস্যা, প্রতিবছরের মতো এবছরও তারাপীঠে লক্ষ্য লক্ষ্য পুণ্যার্থীর সমাগম হয়েছে। আর এরই মাঝে তারাপীঠে একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, ঘিরে রাখা হয়েছে ব্যাগটিকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় দুঘণ্টা সন্দেহজনক ওই ব্যাগটি পড়ে রয়েছে থানা লাগোয়া তারাপীঠ স্টেট ব্যাংকের কাছে। স্থানীয় বাসিন্দারা সন্দেহজনক ওই ব্যাগটিকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। তারপর ঘটনাস্থলে আসে পুলিশ, খতিয়ে দেখা হচ্ছে ব্যাগে কি রয়েছে সেই বিষয়ে। পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই বোম্ব স্কোয়াডকে খবরও দেওয়া হয়েছে। পুলিশ এসে ব্যাগটিকে বালির বস্তা দিয়ে ঘিরে রেখেছে। বোম্ব স্কোয়াড এসেই ব্যাগটি খুলবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

কৌশিকী অমাবস্যায় তারাপিঠে প্রতিবছর লক্ষ লক্ষ পুণ্যার্থীর আগমন ঘটে। গতকাল রাত থেকেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পূণ্যার্থীদের আগমন ঘটতে শুরু করেছে। এমত অবস্থায় পরিত্যক্ত সন্দেহজনক ব্যাগ ঘিরে আতঙ্কের ছায়া স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পুণ্যার্থীদের মধ্যে।
পুলিশ ইতিমধ্যেই সন্দেহজনক ওই ব্যাগটিতে কি রয়েছে, কি করে ওই জায়গায় এলো তা নিয়ে তদন্ত শুরু করেছে। পাশাপাশি তারাপীঠে আগত পুণ্যার্থী এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত প্রদান শুরু করেছে।


















