
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর,৩০ শে জুলাই :কুড়িয়ে পাওয়া দুই শিশুকন্যা ও হোমে জন্ম নেওয়া এক শিশুকন্যার মেদিনীপুর বিদ্যাসাগর বালিকা ভবন নামক হোমেই আজ মহা ধুমধাম করে পালন করা হল অন্নপ্রাশন।.
পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন এবং শিশু ও নারী কল্যাণ দপ্তরের অধীনস্ত বিদ্যাসাগর বালিকা ভবনের যৌথ প্রচেষ্টায় আজ তিন শিশুকন্যার মুখে ভাত দেওয়া হল। যথারীতি হোম প্রাঙ্গনে আলপনা দিয়ে, রংবেরঙের বেলুন সাজিয়ে নানা রকমের ভোজের থালা সাজিয়ে পালন করা হয় এই অন্নপ্রাশন। এদিন অঙ্কিতা ও অমৃতাকে ভাত খাওয়ালেন জেলাশাসক রেশমি কোমল। হোম সুপার সুদীপ্তা চক্রবর্তী দেব জানান, অঙ্কিতাকে খড়্গপুর মহকুমা হাসপাতাল ও শুভেচ্ছাকে পুরুলিয়া জেলা হাসপাতাল থেকে আনা হয়েছে এবং অমৃতার মা অঞ্জলি কিস্কু হোমেই জন্ম দিয়েছিলেন অমৃতাকে।

তিন জনেরই বয়স সাড়ে ৮ থেকে ৯ মাসের মধ্যে। সুপার বলেন, অন্যান্য দত্তক কেন্দ্রে এই ধরনের অনুষ্ঠান দেখে তার মনে হয় এই হোমেও যদি এই ধরনের উদ্যোগ নেওয়া যায়। এরপর বিষয়টি তিনি জেলাশাসককে জানালে জেলাশাসক সম্মতি দেন। জেলা শাষক বলেন, যাতে হোমের অনাথ শিশুদের এটা না মনে হয়, যে তারা অনাথ বলে তাদের জন্য কোনো সামাজিক অনুষ্ঠান করা হয়নি। তাই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি মনে করেন সমাজের স্বাভাবিক বাচ্চাদের মতো এরাও যাতে বড় হয় তার জন্য এই ধরনের উদ্যোগ আরও বেশী বেশী করে নেওয়া উচিৎ। এদিন অন্নপ্রাশন অনুষ্ঠানকে কেন্দ্র করে হোমের অন্যান্য মেয়েদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।


















