বিনোদোন – বিধানসভা ভোটের জন্য মঙ্গলবার ২৯১টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তালিকায় প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল ও অ্যাথলেট স্বপ্না বর্মনের মতো ক্রীড়াজগতের পরিচিত মুখেরা ঘাসফুলের টিকিট পেয়েছেন। দীর্ঘদিন ধরেই জল্পনা ছিল, সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী তৃণমূলের হয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন। মমতার উন্নয়নমূলক বার্তার সঙ্গে তাঁর সঙ্গীত পরিবেশনও সেই জল্পনাকে আরও জোরদার করেছিল। তবে প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা যায়, তাঁর নাম অন্তর্ভুক্ত হয়নি।
তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া জানান ইমন চক্রবর্তী। তিনি লেখেন, বিগত কয়েক মাস ধরে তাঁকে বিভিন্ন জায়গায় প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়েছে—উত্তরপাড়া, দক্ষিণপাড়া, বালি, সিমেন্ট, আমতলা, জামতলা ইত্যাদি নানা কেন্দ্রে তাঁর নাম জড়িয়েছে বলে উল্লেখ করেন তিনি। এমনকি কেওড়াতলায় দাঁড় করানোর কথাও অনেকে বলেছেন বলে মন্তব্য করেন শিল্পী। এরপর তিনি অনুরোধ জানিয়ে লেখেন, এবার তাঁকে যেন নিজের পায়ে দাঁড়াতে দেওয়া হয়।
রাজনৈতিক মহলের মতে, প্রার্থী তালিকা ঘোষণার পর অনেক তারকা-সংক্রান্ত জল্পনার অবসান ঘটেছে। তবে সোশ্যাল মিডিয়ায় ইমনের এই বার্তা নিয়ে নতুন করে আলোচনাও শুরু হয়েছে। প্রার্থিতালিকা ঘিরে রাজনৈতিক আবহ যখন উত্তপ্ত, তখন এই প্রতিক্রিয়া আরও একটি মাত্রা যোগ করেছে।




















