দক্ষিণ কলকাতায় শনিবার পানীয় জল বন্ধ, পাইপলাইন মেরামতি ও ভালভ পরিবর্তনের কারণে ব্যাহত পরিষেবা

দক্ষিণ কলকাতায় শনিবার পানীয় জল বন্ধ, পাইপলাইন মেরামতি ও ভালভ পরিবর্তনের কারণে ব্যাহত পরিষেবা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – পাইপলাইনে বড়সড় মেরামতি এবং ভালভ পরিবর্তনের কাজের জন্য আগামী শনিবার দক্ষিণ কলকাতার এক বিস্তীর্ণ অংশে পরিশ্রুত পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। কলকাতা পুরসভা সূত্রে জানা গেছে, ৩১ জানুয়ারি সকাল সাড়ে ৯টার পর থেকে দক্ষিণ কলকাতার ৮ থেকে ১৪ নম্বর বরোর অন্তর্গত সব ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ থাকবে। গার্ডেনরিচ জল পরিশোধন প্রকল্পের পাইপলাইনের একাধিক ত্রুটি মেরামত এবং বুস্টার পাম্পিং স্টেশনের রক্ষণাবেক্ষণের কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
শুক্রবার পুরসভা সূত্রে জানানো হয়েছে, শনিবার সকাল পর্যন্ত নির্দিষ্ট সময়ে জল পাওয়া গেলেও পরে টালিগঞ্জ, যাদবপুর, বেহালা, চেতলা, রাসবিহারী, গড়িয়াহাট, কসবা এবং বাঁশদ্রোণীসহ বেশ কিছু এলাকায় জল সরবরাহ বন্ধ হবে। ইএম বাইপাস লাগোয়া কিছু ওয়ার্ডেও একই সমস্যা থাকবে। মূলত বেহালা, রানিকুঠি, গড়ফা, কালীঘাট, চেতলা, বাঁশদ্রোণী, সেনপল্লি, লালকা ও পর্ণশ্রী বুস্টার পাম্পিং স্টেশন থেকে জল সরবরাহে ব্যাঘাত ঘটবে। রবিবার ১ ফেব্রুয়ারি সকাল থেকে জল পরিষেবা পুনরায় স্বাভাবিক হবে।
মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, গার্ডেনরিচ প্রকল্পে কয়েকটি নতুন ভালভ বসানো জরুরি। তাই ৩১ জানুয়ারি এই মেরামতির দিন ধার্য করা হয়েছে। দীর্ঘ সময় জল বন্ধ থাকায় শহরের একাংশে জলকষ্টের আশঙ্কা রয়েছে। তবে পুরসভা জানিয়েছে, রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে ভবিষ্যতে জল সরবরাহের পরিকাঠামো আরও উন্নত হবে। বাসিন্দাদের আগেভাগেই পর্যাপ্ত জল মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top