বিদেশ – থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ফের স্কুলে গুলিবর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার বিকেল আনুমানিক ৪টা ৪৫ নাগাদ সোংখলা প্রদেশের হাত ইয়াই এলাকার পাটোংপ্রাথানাকিরিওয়াত স্কুলে এক যুবক আচমকা গুলি চালায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
অভিযুক্তের নাম প্রথান খিরিওয়াত (১৮)। স্থানীয় প্রশাসনের দাবি, সে অস্ত্র হাতে স্কুলে ঢুকে পড়ে এবং এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। এই ঘটনায় স্কুলের পরিচালক এবং এক ছাত্র গুরুতর জখম হয়েছেন। অন্য এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মোট অন্তত তিনজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে সরকারিভাবে এখনও পর্যন্ত আহতের সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি।
আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডেপুটি সুপারিনটেনডেন্ট উইচিয়ান সোবুন নিশ্চিত করেছেন যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। হামলার উদ্দেশ্য কী ছিল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
উল্লেখ্য, থাইল্যান্ডে এর আগেও স্কুলে হামলার ঘটনা ঘটেছে। ২০২২ সালে দেশের পূর্বাঞ্চলের একটি নার্সারিতে এক প্রাক্তন পুলিশ কর্মকর্তা বন্দুক ও ছুরি নিয়ে হামলা চালিয়ে ২২ শিশুসহ মোট ৩৬ জনকে হত্যা করেছিলেন। সেই ঘটনার রেশ এখনও কাটেনি। নতুন করে স্কুলে গুলির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা ও অস্ত্র নিয়ন্ত্রণ আইন নিয়ে ফের উদ্বেগ দেখা দিয়েছে।



















