
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান,৩০ শে সেপ্টেম্বরঃ ব্যাঙ্কের টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা,শহর দুর্গাপুরে সোমবার সকালে এমন এক ঘটনায় নিমেষে চাঞ্চল্য ছড়ালো। এক দুষ্কৃতীকে ব্যাঙ্কের এক নিরাপত্তারক্ষী হাতে নাতে ধরে ফেলে। বাকী দুই জন পালিয়ে যায়। দুর্গাপুরের সিটিসেন্টারে একটি বেসরকারী ব্যাঙ্কে তখন গ্রাহকদের ভিড়,হটাৎই ব্যাঙ্কের ভেতর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে হকচকিয়ে যান গ্রাহক ও ব্যাঙ্কের কর্মীরা।ব্যাগ হাতে একজনকে দৌড়ে গেটের বাইরে বেড়িয়ে আসতে দেখে তাকে জাপটে ধরে নেয় জয়প্রকাশ সিংহ রায় নামে বাঙ্কেরই এক নিরাপত্তারক্ষী। বেসরকারী এজেন্সী টাকা জমা রাখতে ব্যাঙ্কে এসেছিল, কপাল জোরে কর্মী আর নিরাপত্তারক্ষীদের তৎপরতায় বড়সর ঘটনার হাত থেকে তারা আজ বেঁচে গেল। খবর পেয়ে আসানসোল দুর্গাপুর পুলিশের পদস্থ কর্তারা ঘটনাস্থলে ছুটে আসে। খতিয়ে দেখা হয় ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ। ব্যাঙ্কটি যে মলে রয়েছে তার আশপাশ ঘুরে দেখেন পুলিশের পদস্থ আধিকারিকরা। ব্যাঙ্কের পেছন থেকে আরো দুই পলাতক দুস্কৃতীকে পুলিশ গ্রেপ্তার করেছে। এখন পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। তবে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার এই ভাবে প্রকাশে ব্যাঙ্কে ঢুকে গিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শিল্পাঞ্চল জুড়ে।



















