খেলা – আইপিএলের পর এবার WPL-এও খেতাব জয়। ফের একবার চ্যাম্পিয়নের মুকুট উঠল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঘরে। মেগা ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে WPL ২০২৬ ট্রফি জিতল স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন আরসিবি। টানা দ্বিতীয়বার ফাইনালে এসে স্বপ্নভঙ্গ হল দিল্লির।
ফাইনাল ম্যাচে টসে জিতে দিল্লি ক্যাপিটালসকে প্রথমে ব্যাট করতে পাঠান আরসিবি অধিনায়ক স্মৃতি মান্ধানা। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকেন দিল্লির দুই ওপেনার। শেফালি ভার্মা ২০ ও লিজেল লি ৩৭ রান করে আউট হলেও দলকে ভালো ভিত দেন। প্রথম পাওয়ার প্লে-তে এক উইকেটে ৪৯ রান তুলে যথেষ্ট শক্তিশালী সূচনা পায় দিল্লি।
২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৩ রানের বড় স্কোর তোলে দিল্লি ক্যাপিটালস। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ বলে ৫৭ রানের ঝলমলে ইনিংস খেলেন জেমাইমা রডরিগেজ। এছাড়া লওরা উলভার্ট ৪৪, লিজেল লি ৩৭ এবং চিনলি হেনরি ৩৫ রানের দ্রুত ইনিংস খেলেন, যা দিল্লির স্কোরকে আরও শক্তিশালী করে।
জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করে আরসিবি। জর্জিয়া ওয়্যারহ্যাম ৫৪ বলে ৭৯ রানের বিধ্বংসী ইনিংস খেললেও তাঁর আউটের পরেই ম্যাচের মোড় ঘুরতে শুরু করে। পার্টনারশিপ ভাঙতেই একের পর এক উইকেট পড়ে চাপে পড়ে যায় বেঙ্গালুরু শিবির। রিচা ঘোষ ৬ রানে আউট হন, তবে স্মৃতি মান্ধানা এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান।
শেষ পর্যন্ত ৪১ বলে ৮৭ রানের দুরন্ত ইনিংস খেলেন স্মৃতি মান্ধানা। শেষ ১২ বলে যখন দরকার ছিল ১৮ রান, সেই সময় মান্ধানা আউট হলেও ঠান্ডা মাথায় দায়িত্ব সামলান রাধা যাদব। তাঁর ব্যাট থেকেই আসে জয়ের রান, আর তাতেই উল্লাসে ভাসে আরসিবি শিবির। দিল্লিকে হারিয়ে WPL ২০২৬ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।



















