
নয়াদিল্লি, ২১ জুন (পিটিআই): দিল্লির কালিন্দি কুঞ্জ মেট্রো স্টেশন সংলগ্ন একটি আসবাব তৈরির মার্কেটে ভয়াবহ আগুন। পুড়ে ছাই একাধিক দোকান। দুর্ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। জানা গিয়েছে, শুক্রবার সকালে ৫টা ৫৫ মিনিট নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ওই মেট্রো স্টেশন লাগোয়া একটি ফার্নিচার তৈরির মার্কেটে আচমকাই আগুন লেগে যায়। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দুর্ঘটনার জেরে ম্যাজেন্টা লাইনের শাহিনবাগ–বটানিক্যাল স্টেশনের মধ্যবর্তী এলাকায় সাময়িকভাবে মেট্রো চলাচল বন্ধ করা হয়। অফিস টাইমে মেট্রো বন্ধ হওয়ায় সমস্যায় পড়েন নিত্য যাত্রীরা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে অকুস্থলে আসে দমকলের প্রায় ১৭টি ইঞ্জিন। দমকল কর্মীদের নিরন্ত প্রচেষ্টায় বেশ কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় একাধিক দোকান। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। বর্তমানে ওই লাইনে ফের মেট্রো চলাচল শুরু হয়েছে।



















